ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে নিজের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। এ ঘটনায় সংশ্লিষ্ট কওমি আলেম মাওলানা রকিবুল ইসলাম আদমপুরীকে ১২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তাহেরী।
গত ২২ আগস্ট চম্পকনগরে জশনে জুলুস বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় মাওলানা রকিবুল ইসলাম আদমপুরী মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে গত সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। মাকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে ১২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
তাহেরীর ওই বক্তব্যের পর মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মাওলানা রকিবুল ইসলাম আদমপুরী তাহেরীর বাড়িতে গিয়ে সরাসরি তাঁর কাছে ক্ষমা চান। এ সময় তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।
পরে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী তাঁকে ক্ষমা করে দেন। একই সঙ্গে নিজের ভক্ত-সমর্থকদেরও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় দুই পক্ষের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির আপাতত অবসান হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাহেরীর ক্ষমাসুন্দর আচরণ ও উদারতা নিয়ে নেটিজেনদের প্রশংসা করতে দেখা যায়।