ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের প্রস্তুতিসভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ২০২৬ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ।

সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর আংশিক) আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব (শ্যামল), জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার মো. আব্দুর রউফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জেলায় গৃহীত বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর শুভ জন্মের স্মরণে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী শুধু ধর্মীয় আবেগের বিষয় নয়; তাঁর আদর্শ, মানবতা, শান্তি ও সৌহার্দ্যের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

সভায় সংশ্লিষ্ট সবাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন এবং জেলার বিভিন্ন কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত