২ সফরসঙ্গী সহ আজ বাংলাদেশে আসছেন সিনেটর পীর আল্লামা সাবির শাহ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে নেতৃত্ব দিতে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে আসছেন পাকিস্তানের অন্যতম সুফি ব্যক্তিত্ব পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)। তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক সিনেটর।

দেশের বৃহত্তম দ্বীনি ও অরাজনৈতিক সংগঠন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তাঁর এ বাংলাদেশ সফর।

আয়োজক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে আল্লামা পীর সাবির শাহের। তাঁকে অভ্যর্থনা জানাতে ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা ও সংশ্লিষ্ট খানকাহ শরিফে প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরকালে আগামী রোববার (২৩ আগস্ট) ঢাকায় এবং বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক জশনে জুলুসে নেতৃত্ব দেবেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ।

ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের পাশাপাশি পাকিস্তানের রাজনীতিতেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন পীর সাবির শাহ। তিনি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পাকিস্তানের সিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

তবে বাংলাদেশ সফরে তাঁর কোনো রাজনৈতিক কর্মসূচি থাকছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সফরটি মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচিকেন্দ্রিক।

আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ পাকিস্তানের সিরিকোট দরবার শরিফের অন‌্যতম সাজ্জাদানশীন। তাঁর পিতা হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) ১৯৭৪ সালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বাংলাদেশে ঐতিহাসিক জশনে জুলুসের প্রবর্তন করেন।

আয়োজকরা জানান, পূর্ববর্তী সময়ে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.) দীর্ঘদিন জশনে জুলুসের সভাপতিত্ব (সদারত) করেছেন। বর্তমানে পীর সাবির শাহ জশনে জুলুসে সদারতের দায়িত্ব পালন করছেন।

আয়োজকদের আশা, পীর সাবির শাহের নেতৃত্বে ঢাকায় ও চট্টগ্রামে অনুষ্ঠিতব্য জশনে জুলুসে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত