ধানমন্ডিতে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ‘নুর-এ-মোহাম্মদ ﷺ কনফারেন্স ও জশনে জুলুস’ ২৬ আগস্ট

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানী ঢাকায় ‘জশনে জুলুস ও জশনে নূর-এ-মোহাম্মদ মাইজভাণ্ডারী কনফারেন্স ২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৬ আগস্ট বুধবার, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি এ আয়োজন অনুষ্ঠিত হবে।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের ঢাকা জেলা শাখার ব্যবস্থাপনায় এ আয়োজন করা হচ্ছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, দেশবরেণ্য উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

আয়োজনের প্রথম পর্বে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধানমন্ডির সালেক গার্ডেনের আনন্দ হল কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে ‘জশনে নূর-এ-মোহাম্মদ মাইজভাণ্ডারী কনফারেন্স ২০২৬’। এরপর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত একই স্থান থেকে শুরু হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ‘জশনে জুলুস’। জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

জুলুস শেষে রবীন্দ্র সরোবরে সমবেত আশেকানে রাসূলের অংশগ্রহণে দরূদ ও সালাতু সালাম পেশ এবং ‘ইয়া নবী সালাম আলাইকা’ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

আয়োজকরা জানান, প্রিয়নবী হযরত মোহাম্মদ (দ.)-এর ধরাধামে আবির্ভাবের ১৫০১তম বছর স্মরণে এ আয়োজন করা হচ্ছে। তাসাউফভিত্তিক মানবকল্যাণ ও ইসলামী মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের ঢাকা জেলা শাখার সাংগঠনিক সমন্বয়কারী মো. ইব্রাহিম খলিল।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত