মাহে রবিউল আওয়ালের শুভাগমন: রাজধানীজুড়ে কাল স্বাগত র‍্যালি-মিছিল, নবীপ্রেমের বার্তায় মুখর হবে ঢাকার রাজপথ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আগমন উপলক্ষে মুসলিম উম্মাহর হৃদয়ে বইছে আনন্দ-উৎসবের আবহ। প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের স্মৃতিবিজড়িত পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানাতে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত হবে একাধিক স্বাগত র‍্যালি ও মিছিল।

ইতোমধ্যে এসব আয়োজনকে ঘিরে সংশ্লিষ্ট সংগঠন, আলেম-ওলামা, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। র‍্যালিগুলোতে নবীপ্রেম, ইসলামী সংস্কৃতি, নাতে রাসুল (সা.), শান্তি-সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বায়তুল মোকাররমে হবে স্বাগত মিছিল
রাজধানীর কেন্দ্রস্থল বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শুভাগমন উপলক্ষে অনুষ্ঠিত হবে স্বাগত মিছিল।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত, ঢাকা-এর আয়োজনে মিছিলটি শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের নবীপ্রেমিক মুসলমানদের এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বায়তুল মোকাররমকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচি রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অন্যতম উল্লেখযোগ্য আয়োজন হিসেবে সামনে এসেছে।

মোহাম্মদপুরে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানাতে আগামীকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর মোহাম্মদপুরে স্বাগত র‍্যালির আয়োজন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা।

র‍্যালিটি মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদ্রাসা থেকে অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, নবীপ্রেমিক মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষার্থীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নিয়ে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানাবেন।

শাহজাহানপুরে যুবসেনার স্বাগত র‍্যালি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানাতে রাজধানীর শাহজাহানপুরের গাউসুল আজম জামে মসজিদ থেকেও আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর স্বাগত র‍্যালি বের হবে।

বাংলাদেশ যুবসেনার উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে নবীপ্রেমিক মুসল্লি, যুবক, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। র‍্যালির মাধ্যমে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানানোর পাশাপাশি প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, শান্তি, মানবতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হবে।

তাহেরিয়া জামে মসজিদ থেকেও র‍্যালি
একই দিন রাজধানীর খিলগাঁও তাহেরিয়া জামে মসজিদ থেকেও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্বাগত র‍্যালি বের হবে।

আগামীকাল শুক্রবার বাদ জুমা তাহেরিয়া সুন্নিয়া কমপ্লেক্সের উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচিকে ঘিরে স্থানীয় মুসল্লি ও নবীপ্রেমিকদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

বহু মসজিদ-মাদ্রাসা থেকেও বের হবে স্বাগত র‍্যালি
শুধু বায়তুল মোকাররম, মোহাম্মদপুর, শাহজাহানপুর কিংবা খিলগাঁও নয়—রাজধানীর বিভিন্ন এলাকার বহু মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগেও আগামীকাল শুক্রবার পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে র‍্যালি ও মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এতে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসলমান, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে। ফলে শুক্রবার রাজধানীর বিভিন্ন সড়কে একাধিক র‍্যালি ও মিছিলের মাধ্যমে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানানোর দৃশ্য দেখা যাবে।

নবীপ্রেমের বার্তায় মুখর হবে রাজধানী
মুসলিম বিশ্বের কাছে পবিত্র রবিউল আউয়াল অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসেই বিশ্বমানবতার মুক্তির দূত, রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন ঘটে। তাঁর আগমনের স্মরণে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালিত হয়ে আসছে।

বাংলাদেশেও দীর্ঘদিন ধরে রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিলাদ মাহফিল, আলোচনা সভা, দোয়া, নাতে রাসুল (সা.), জশনে জুলুস ও স্বাগত র‍্যালিসহ নানা কর্মসূচি আয়োজন করে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এবার রাজধানী ঢাকায় একই দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং অসংখ্য মসজিদ-মাদ্রাসা থেকে স্বাগত র‍্যালি ও মিছিলের আয়োজনকে ঘিরে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের প্রত্যাশা, এসব কর্মসূচির মধ্য দিয়ে নবীপ্রেম, শান্তি, সৌহার্দ্য, মানবিকতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে।

সংশ্লিষ্টরা বলছেন, এসব আয়োজন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, তাঁর শিক্ষা, মানবতার প্রতি তাঁর ভালোবাসা এবং শান্তি-সম্প্রীতির চেতনাকে জীবনে ধারণ করার আহ্বানও তুলে ধরা হবে।

আগামীকালের এসব আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর রাজপথে উচ্চারিত হবে নবীপ্রেমের বার্তা। একই সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মাহে রবিউল আউয়ালকে ঘিরে রাজধানীর ধর্মীয় আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত