দাখিল পরীক্ষার ফলাফলে আবারও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে দেশের অন্যতম আলোচিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা। এবারের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১ হাজার ২৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। একই সঙ্গে মোট ১ হাজার ২৬৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানের সামগ্রিক পাসের হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ১ হাজার ২৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় অর্ধেক শিক্ষার্থীই সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর এমন কৃতিত্বে প্রতিষ্ঠানজুড়ে বইছে আনন্দের জোয়ার। শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যেও সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
প্রাপ্ত ফলাফলের হিসাবে, সর্বোচ্চ সংখ্যক উত্তীর্ণ শিক্ষার্থী ও জিপিএ-৫ অর্জনের মাধ্যমে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা সারাদেশে শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে।
দারুননাজাতের এ সাফল্যকে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলাপূর্ণ শিক্ষা কার্যক্রম, মানসম্মত পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই দারুননাজাতের মূল লক্ষ্য। ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের এমন সাফল্য সেই লক্ষ্য বাস্তবায়নে আরও অনুপ্রেরণা জোগাচ্ছে।
এদিকে ফলাফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে দারুননাজাতের সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এবারের দাখিল পরীক্ষায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে ১ হাজার ২৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ২৬৮ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৬১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। প্রায় ১ হাজার ৩০০ পরীক্ষার্থীর মধ্যে প্রায় অর্ধেক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন এবং উচ্চ পাসের হার প্রতিষ্ঠানটির ধারাবাহিক একাডেমিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।