মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের দাখিল পরীক্ষায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা ৯৮ দশমিক ৪১ শতাংশ পাসের সাফল্য অর্জন করেছে।
এ বছর মাদরাসাটির ১২৬ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে ১২৪ জন উত্তীর্ণ হয়েছে। ফলাফলে ৬১ জন এ প্লাস, ৪৯ জন এ, ১০ জন এ মাইনাস, তিনজন বি এবং একজন সি গ্রেড পেয়েছে। অসুস্থতার কারণে দুজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, দেশের বৃহত্তর দ্বীনি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রতিষ্ঠানটি শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে বিভিন্ন সময়ে সাফল্য অর্জন করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬, ২০১৭ ও ২০১৮-এর প্রতিযোগিতায় থানা ও চট্টগ্রাম জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভের পাশাপাশি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সরকারি স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি।
মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, প্রতিষ্ঠার পর থেকে ইসলামী আদর্শের আলোকে নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। এবারের ফলাফলের জন্য তিনি মহান আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দরবারে শোকরিয়া আদায় করেন।
তিনি এ সাফল্যের পেছনে মাদরাসার মাশায়েখ, পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।