কৃতিত্বপূর্ণ ফলাফলে আনন্দের জোয়ার সাতক্ষীরার জামেয়া কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসার

দাখিল পরীক্ষা-২০২৬-এর ফলাফলে সাতক্ষীরায় সুন্নীয়তের মারকাজ হিসেবে পরিচিত জামেয়া কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এবারের দাখিল পরীক্ষায় মাদ্রাসাটির ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন শিক্ষার্থী A+ (জিপিএ-৫) অর্জন করেছে। কৃতিত্বপূর্ণ এ ফলাফলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন A+ (জিপিএ-৫), ১০ জন A, ৪ জন A- এবং ২ জন B গ্রেড অর্জন করেছে। অর্থাৎ মাদ্রাসাটির সকল পরীক্ষার্থীই সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

মাত্র ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জনের A+ অর্জনকে মাদ্রাসাটির জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান ও নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল হিসেবেই এবারের এ সাফল্য এসেছে।

এদিকে এবারের দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সকল শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মুফতি নাজমুস সাদাত ফয়েজী এবং সভাপতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।

তারা শিক্ষার্থীদের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে দেশ, জাতি ও দ্বীনের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে তারা সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও কল্যাণ কামনা করেন।

মাদ্রাসা সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ সাফল্যের ধারা আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত