সৈয়দপুরে ‘আজমতে মুস্তফা (দ.) কনফারেন্স’ অনুষ্ঠিত: ইন্ডিয়ার সৈয়দ শাহ মিসবাহুল হক এমাদীর গুরুত্বপূর্ণ বয়ান

নীলফামারীর সৈয়দপুরে  ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুলসংখ্যক সুফিপ্রেমী ধর্মপ্রাণ মানুষের আবেগঘন অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘আজমতে মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কনফারেন্স’

এই কনফারেন্সের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সুদূর ইন্ডিয়া থেকে আগত আওলাদে রাসূল, খলিফায়ে গাউসুল আজম, রঈসুল মাশায়েখ হযরত আল্লামা আলহাজ্ব সৈয়দ শাহ মিসবাহুল হক এমাদী (মাদ্দাজিল্লাহুল আলী)। তিনি ইন্ডিয়ার বিহারের পাটনাস্থ ঐতিহাসিক খানকাহ্ এমাদিয়া কালান্দারিয়ার সম্মানিত সাজ্জাদানশীন।

মাহফিলে দেয়া দীর্ঘ ও দিকনির্দেশনামূলক বয়ানে তিনি প্রিয় নবীজীর মহান শান, বুজুর্গি ও আজমত সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, “রাসুলুল্লাহ (দ.)-এর প্রতি নিখাদ মহব্বত ও ঈমানি ভালোবাসা শুধু মৌখিক আবেগের বিষয় নয়; বরং তাঁর সুমহান আদর্শ, সুন্নাহ, উত্তম নৈতিকতা ও মানবতার শিক্ষা নিজেদের ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মধ্য দিয়েই সেই সুগভীর ভালোবাসার যথার্থ প্রতিফলন ঘটে।” তিনি উপস্থিত সুন্নি জনতা ও সমগ্র মুসলিম উম্মাহকে আখলাকে নববীর অনুসারী হতে, পারস্পরিক ইসলামী ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এবং আর্তমানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমাদিয়া ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান জনাব মুরাদ এমাদী এবং খানকাহ্ এমাদিয়া সৈয়দপুরের সাধারণ সম্পাদক হাজী জুবায়ের আলম। এছাড়াও স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামা, মাশায়েখে তরিকত, খানকাহ্ এমাদিয়ার মুরিদ ও ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুফিপ্রেমী মানুষ এতে শরিক হন।

উক্ত রূহানি মাহফিলে সভাপতিত্ব করেন হাজী নাঈম এমাদী এবং অনুষ্ঠানটি সুনিপুণভাবে পরিচালনা করেন জনাব হায়দার আলী হায়দার এমাদী। আয়োজক কমিটির দায়িত্বশীলরা জানান, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা, তাঁর সুমহান সুন্নাহর আদর্শ এবং সার্বজনীন মানবিক শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেয়াই এই আজমতে মুস্তফা (দ.) কনফারেন্সের মূল লক্ষ্য।

মাহফিলের শেষ পর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি-সমৃদ্ধি এবং মহামারী ও যাবতীয় সংকট থেকে মুক্তি কামনা করে হযরত রঈসুল মাশায়েখ সৈয়দ শাহ মিসবাহুল হক এমাদী বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত