নীলফামারীর সৈয়দপুরে তিন দিনের ধর্মীয় সফরে আসছেন আউলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ শাহ মিসবাহ উল হক এমাদি। তিনি ভারতের বিহারের পাটনায় অবস্থিত ঐতিহ্যবাহী মাংগাল তালাব খানকাহ এমাদিয়া কালান্দারিয়ার সাজ্জাদানশীন।
আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এ উপলক্ষে স্থানীয় ভক্ত-মুরিদ, সুফিপ্রেমী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সফরকালে তিনি সৈয়দপুরে আয়োজিত তিনটি পৃথক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এর মধ্যে শুক্রবার বাদ এশা হানিফ মোড়ে অনুষ্ঠিত হবে ‘আজমাতে মুস্তাফা (সা.) কনফারেন্স’, শনিবার বাদ এশা ইসলামবাগ চিনি মসজিদসংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘উরসে আ’লা হযরত’ এবং রোববার বাদ এশা পুরাতন মুন্সিপাড়ার বায়তুল ফালাহ মসজিদসংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘আ’লা হযরত কনফারেন্স’।
তিনটি মাহফিলেই তিনি কোরআন-সুন্নাহ, তাসাউফ, আখলাক এবং ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রূহানি বয়ান পেশ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে সৈয়দপুরসহ আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও সুফিপ্রেমীদের যথাসময়ে উপস্থিত থেকে মাহফিলগুলোতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।