‘মিলাদ অলিম্পিয়াড’ সিজন-০২ এর রেজিস্ট্রেশন শুরু, পুরস্কার ২.৫ লাখ টাকা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (দ.)–এর জীবন, আদর্শ ও সিরাতচর্চা বিস্তারের লক্ষ্যে ‘মিলাদ অলিম্পিয়াড (সিজন-০২)’ আয়োজন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শাখা।

আয়োজকরা জানিয়েছেন, এবারের অলিম্পিয়াডে মোট ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের পুরস্কার রাখা হয়েছে। প্রথম স্থান অর্জনকারী পাবেন পবিত্র হারামাইন শরীফাইনের জেয়ারতের সুযোগ। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি ট্যাব। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী যথাক্রমে ৭ হাজার ও ৫ হাজার টাকা নগদ অর্থ পাবেন। ষষ্ঠ থেকে দ্বাদশ স্থান অর্জনকারীদের জন্য থাকবে সার্টিফিকেট, মেডেল ও আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আগামী ১২ আগস্ট পর্যন্ত নিবন্ধন করা যাবে। নিবন্ধন সম্পন্নকারী প্রত্যেক অংশগ্রহণকারীকে নির্ধারিত পাঠ্যগ্রন্থ ‘নূরনবী ﷺ’–এর পিডিএফ কপি সরবরাহ করা হবে। গ্রন্থটির রচয়িতা অধ্যক্ষ হাফেয মুহাম্মদ আবদুল জলীল (রহ.)।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ধাপ অনলাইনে এবং চূড়ান্ত পর্ব নির্ধারিত কেন্দ্রে সশরীরে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে বইটির ১ম থেকে ৩০তম অধ্যায় এবং দ্বিতীয় ধাপে ৩১তম থেকে ৫৫তম অধ্যায় থেকে পরীক্ষা নেওয়া হবে। ফাইনাল রাউন্ডে পুরো বই ও নির্ধারিত নোটের ওপর মূল্যায়ন করা হবে।

আয়োজকরা আরও জানান, এ অলিম্পিয়াডে শুধুমাত্র ছাত্ররা অংশগ্রহণ করতে পারবেন এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে শিক্ষার্থী হতে হবে। ফাইনাল রাউন্ডে উত্তীর্ণদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া মিলাদ অলিম্পিয়াডের প্রথম সিজনের শীর্ষ ১০ বিজয়ী এবং আয়োজক উপকমিটির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

‘মিলাদ অলিম্পিয়াড সিজন-০২’-এর আহ্বায়ক আবু বারাকাত মোহাম্মদ রেযা বলেন, “গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শাখার উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো ‘মিলাদ অলিম্পিয়াড’ আয়োজন করা হচ্ছে। গত আসরে দেশের ১২৫টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। এবার আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার ও ক্যাম্পেইন পরিচালনা করছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (দ.)–এর জীবনাদর্শ ও সিরাতচর্চাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। গতবারের তুলনায় আরও বৃহৎ, সুশৃঙ্খল ও আকর্ষণীয় আয়োজন উপহার দিতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। ইনশা-আল্লাহ, এবারের মিলাদ অলিম্পিয়াড সবার প্রত্যাশা পূরণ করবে।”
গত বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ‘মিলাদ অলিম্পিয়াড’-এর প্রথম আসর শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। সিজন-০১–এ দেশের ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করে অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৩টি মাদরাসা, ১৫টি স্কুল, ৩৯টি কলেজ এবং ১৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। মাদরাসাভিত্তিক অংশগ্রহণের পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি প্রমাণ করে যে, সিরাতভিত্তিক এ প্রতিযোগিতা ধর্মীয় শিক্ষার গণ্ডি পেরিয়ে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেও আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে এবার আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা নিয়েছে আয়োজকরা।
অলিম্পিয়াড-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য www.miladolympiad.com ওয়েবসাইটে প্রবেশ অথবা নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।
আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত