শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’-এর উদ্যোগে নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে বিশেষ মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আয়োজিত এ মাহফিলে ‘রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শে প্যারেন্টিং: স্নেহ, আত্মিক বন্ধন ও পারস্পরিক যোগাযোগ’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নর্থ ব্রন্সক ইসলামিক সেন্টারের খতিব ও পরিচালক শাইখ ড. সাইফুল আযম বাবর আজহারী।
গুলেনারা সিদ্দিকী শবনমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হামিদা রশিদ সুমাইয়া। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন জান্নাতুল মাওয়া। এছাড়া মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন আলিশা আক্তার আলভী, মিফতাহুল জান্নাত, উম্মে সায়মা সাদিয়া, সৈয়দা সিদরাতুল মুনতাহা, রোকেয়া খানম রুকু ও ফাতিমা।
আলোচনায় শাইখ ড. সাইফুল আযম বাবর আজহারী বলেন, শিশুদের সুশিক্ষা ও নৈতিক বিকাশে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পবিত্র কোরআনে বর্ণিত হযরত লোকমান (আ.)-এর উপদেশ, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ এবং সুফিয়ায়ে কেরামের শিক্ষার আলোকে সন্তানদের লালনপালন করলে তারা পরিপূর্ণ ইসলামী নৈতিকতায় গড়ে উঠবে। তিনি বলেন, আদর্শ সন্তান গড়ে তুলতে হলে আগে পরিবারে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে এবং অভিভাবকদের নিজেদেরও আদর্শিকভাবে গড়ে উঠতে হবে।
পরে মিলাদ, কিয়াম এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।