মাজারে হামলা-ভাঙচুরের বিচারের দাবিতে ২৫ জুলাই রাজধানীতে মহাসমাবেশ, ৩ দফা দাবি সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরামের

দেশব্যাপী সুফি-সাধকদের মাজার ও খানকা শরীফে ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ, নারী-শিশু নির্যাতন এবং জুয়া, মদ ও গাঁজাসহ সকল প্রকার মাদক ব্যবসা বন্ধের দাবিতে ৩ দফা কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরাম’। এসব দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৫ জুলাই ২০২৬ (শনিবার) সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘সুফিবাদী সুন্নী মহাসমাবেশ’-এর ডাক দিয়েছে সংগঠনটি।

​আজ ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে এসব কথা বলেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন।
​লিখিত বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত অন্তর্বর্তী সরকারের আমল থেকে শুরু হওয়া মব সন্ত্রাস এখনো দেশে জিইয়ে রয়েছে। সর্বস্তরের মানুষের আবেগ ও ভালোবাসার কেন্দ্রবিন্দু আউলিয়ায়ে কেরামের মাজার শরীফ ও খানকাগুলোকে টার্গেট করে একের পর এক ন্যাক্কারজনক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার বীভৎস চিত্রও আমরা দেখেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, জনগণের রায়ে নির্বাচিত সরকারের আমলেও এই মব সন্ত্রাস বাধাহীনভাবে চলছে।”
​তিনি আরও বলেন, “হামলাকারী ও মূল ইন্ধনদাতাদের আইনের আওতায় না আনায় অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই মব সন্ত্রাসের লাগাম টানা যাচ্ছে না। আমরা এই বিচারহীনতার অবসান চাই, আইনের সঠিক শাসন এবং সত্যিকারের বিচার ব্যবস্থার প্রতিফলন চাই।” এই প্রেক্ষাপটে ২৫ জুলাইয়ের সুফিবাদী মহাসমাবেশকে জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরামের আহ্বায়ক ড. সৈয়দ এমদাদ উদ্দিন নিজামপুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ​পীর সিরাজুল আমিন রেজভী, ​পীর আব্দুর রহমান আলকাদেরী, ​এডভোকেট এমদাদুল ইসলাম, ​ডা. এস এম সরওয়ার, ​এডভোকেট ইকবাল হাসান, ​কাজী জসিম উদ্দিন নুরী, ​তৌহিদুল ইসলাম চিশতি, ​মাওলানা ফখরুল ইসলাম বখশি, ​মোহাম্মদ মামুনসহ সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

​সংবাদ সম্মেলন শেষে ফোরামের মিডিয়া উপকমিটির প্রধান মুহাম্মদ আবদুল হাকিম দেশপ্রেমিক ও সুফিবাদী সকল জনতাকে আগামী ২৫ জুলাই শনিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে সমাবেশ সফল করার বিশেষ আহ্বান জানান।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত