জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জ্ঞান ও প্রজ্ঞার পথে আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তির চর্চা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জ্ঞান ও প্রজ্ঞার পথে আত্মশুদ্ধি ও বুদ্ধিবৃত্তির চর্চা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, বিজ্ঞান ও ধর্মের কাজের ক্ষেত্র আলাদা হলেও উভয়ই মানুষের জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। পাশাপাশি প্রকৃত প্রশান্তি অর্জনে আত্মশুদ্ধি, প্রজ্ঞা ও আধ্যাত্মিক চর্চার গুরুত্ব তুলে ধরেন তারা।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে ‘ফানাফিল্লাহ’র দরবার’-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তাসাউফ ইসলামি আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিজ্ঞান মানুষকে কার্যকারণভিত্তিক জ্ঞান দিলেও মানুষের জানার জগৎ এর মধ্যেই সীমাবদ্ধ নয়। আত্মিক উপলব্ধি ও প্রজ্ঞার অনুসন্ধানের মাধ্যমে মানুষ অন্তর্গত প্রশান্তি অর্জন করতে পারে।

তিনি বলেন, মানুষের মন যুক্তি দিয়ে পরিচালিত হলেও হৃদয় পরিচালিত হয় ভালোবাসা ও আত্মসমর্পণের মাধ্যমে। তাসাউফ মানুষকে আত্মসমর্পণ ও বিনয়ের শিক্ষা দেয়। একই সঙ্গে তিনি অ্যারিস্টটলের ‘প্লেজার’ ও ‘হ্যাপিনেস’-এর পার্থক্যের উদাহরণ তুলে ধরে বলেন, ত্যাগের মধ্য দিয়েই প্রকৃত সুখ অর্জিত হয়।

সেমিনারের প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ডের রহমানতুল্লিল আলামিন জামে মসজিদের খতিব এবং নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্সের প্রেসিডেন্ট শায়খ মুহাম্মদ সাইফুল আজম বাবর আজহারী।

তিনি বলেন, বাংলা সাহিত্য, দর্শন, পদার্থবিজ্ঞান কিংবা জ্যোতির্পদার্থবিজ্ঞান—সবই জ্ঞানের অংশ। ধর্ম ও বিজ্ঞানের মধ্যে মৌলিক কোনো দ্বন্দ্ব নেই; বরং উভয়ের কাজের ক্ষেত্র ভিন্ন। বিজ্ঞান দৃশ্যমান জগতের ব্যাখ্যা দেয়, আর ধর্ম মানুষের অস্তিত্ব, নৈতিকতা ও পরকালসহ অধিবিদ্যাগত প্রশ্নের উত্তর দেয়।

তিনি আরও বলেন, আধুনিক বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করলেও মানুষের অন্তরের প্রশান্তি ক্রমেই কমে যাচ্ছে। বস্তুগত উন্নতি আত্মার অশান্তি দূর করতে পারে না। প্রকৃত শান্তি অর্জনের জন্য জ্ঞান, প্রজ্ঞা, আত্মশুদ্ধি এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার বিকল্প নেই।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, ইসলামী চিন্তাবিদ ও আগ্রহী ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত