‘মানবতার সেবাই আমাদের ধর্ম’—এই মহান ব্রতকে সামনে রেখে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পানিবন্দি ও বন্যাকবলিত দক্ষিণ চট্টগ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রামের শহর কুতুব হিসেবে খ্যাত হযরত শাহ সুফি আমানত খান (র.) দরবার শরীফ। দরবার শরীফের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় জরুরি মানবিক ও খাদ্য সহায়তা কার্যক্রম পুরোদমে অব্যাহত রয়েছে।
বন্যাদুর্গত মানুষের তাৎক্ষণিক কষ্ট লাঘবে দরবার শরীফের পক্ষ থেকে ইতোমধ্যেই একাধিক স্বেচ্ছাসেবক দল মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। পানিবন্দি দুর্গত এলাকাগুলোতে তারা শুকনো খাবার, প্রতিটি পরিবারের জন্য খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ, কাপড় এবং জীবনধারণের জরুরি সামগ্রী বিতরণ করছেন। এই মানবিক সহায়তার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালেও দরবার শরীফের একটি বিশেষ টিম ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রামের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা বাঁশখালীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
ত্রাণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রতি রাতে এক কর্মব্যস্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে দরগাহ প্রাঙ্গণে। গভীর রাত পর্যন্ত হযরতের আওলাদে পাকগণের প্রত্যক্ষ তত্ত্বাবধানে খাদেম সাহেব এবং আশেকানগণ পরম শ্রদ্ধায় ‘খানকাহ আমানতীয়া’ প্রাঙ্গণে খাদ্যসামগ্রী ও জরুরি উপকরণ প্যাকেজিংয়ের কাজে নিয়োজিত রয়েছেন।
আয়োজকেরা জানান, বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মূলত শত শত বছরের সুফি ঐতিহ্যেরই এক গৌরবময় ধারাবাহিকতা। ইতিহাসের প্রতিটি সংকটে আউলিয়ায়ে কেরামগণ সবসময়ই সাধারণ মানুষের দুঃসময়ে পরম আশ্রয় হয়ে পাশে থেকেছেন। খানকাহ আমানতীয়া নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া কেবল আধ্যাত্মিক দিকনির্দেশনাই প্রদান করে না, বরং মানবসেবার মহান আদর্শকে তারা সর্বদা সমুন্নত রাখে।
দরবার শরীফের পক্ষ থেকে বন্যার্তদের আশ্বস্ত করে জানানো হয়েছে, চলমান এই প্রাকৃতিক দুর্যোগে হযরতের আওলাদগণ ও দরবারের সেবকেরা উপদ্রুত এলাকার মানুষের পাশে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।