ইন্ডিয়ার উত্তরপ্রদেশে সাফিপুরে হযরত মাখদুম শাহ সাফির উরস মোবারক সম্পন্ন

গত ৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশে ইন্ডিয়ার উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী সাফিপুরে প্রখ্যাত সুফি সাধক হযরত মাখদুম শাহ সাফি শাহ বিলায়াত সাফিপুরীর উরস মোবারক সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বাৎসরিক উরস উপলক্ষে প্রিয় মুর্শিদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, আশেকান এবং দর্শনার্থী দরগাহ শরিফে সমবেত হন এবং অত্যন্ত আদব ও শ্রদ্ধার সাথে পবিত্র মাজার শরিফে গিলাফ (চাদর) ও পুষ্পস্তবক অর্পণ করেন।

লঙ্গর-ই-সাফভি
উরস মোবারকের দিন সকাল ৭টা থেকে ঐতিহ্যবাহী ‘লঙ্গর-ই-সাফভি’ শুরু হয় এবং কোনো ধরনের জাতি-ধর্ম-বর্ণ ও সামাজিক বৈষম্য ছাড়া সর্বস্তরের হাজার হাজার মানুষ এই পবিত্র লঙ্গরের তাবাররুক গ্রহণ করেন; সর্বজনীন সম্প্রীতির প্রতীক হিসেবে সুপরিচিত এই ‘লঙ্গর-ই-মাখদুম শাহ সাফি’র তাবাররুক বিতরণ কর্মসূচি বিরতিহীনভাবে রাত ১০টা পর্যন্ত চলমান ছিল।

সামা খানা ও কাওয়ালি মাহফিল
বাদ যোহর দরগাহ আলিয়া হযরত মাখদুম শাহ সাফির মূল ‘সামা খানা’য় উরসের প্রধান আধ্যাত্মিক পর্বের সূচনা হয়, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাহিবজাদা সামাদী মিয়াঁ হযরত আফিফ মোহাম্মদ ফারুকী সাফভী। উদ্বোধনের পর, দূর-দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথি এবং বিভিন্ন খানকাহর সাজ্জাদানশীনদের উপস্থিতিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বাওয়ালগণ ভাবগম্ভীর পরিবেশে ধারাবাহিকভাবে হৃদয়স্পর্শী সুফি কালাম ও কাওয়ালি পরিবেশন করেন।

উপস্থিত দেশবরেণ্য সুফি সাধক ও সাজ্জাদানশীন
ঐতিহাসিক এই উরস মাহফিলে দিল্লির দরগাহে মেহবুব-ই-ইলাহীর সাজ্জাদানশীন হযরত ফরিদ আহমদ নিজামী, খায়রাবাদের সাহেবজাদা জিয়া আলভী ও জনাব লারিব আলভী, দিল্লির আলী জনাব ওয়াইস সুলতান, রুদৌলির ওয়ালিহাদ শেখ-উল-আলম হযরত আফাক আহমদ ওরফে সুফি মিয়াঁ, জারীথা শরিফের হযরত শাহিদ মিয়াঁ, খায়রাবাদের হযরত নাজমুল হাসান শুভাইব মিয়াঁ ও হযরত মুইন খায়রাবাদী, খানকাহ আরিফিয়ার ওয়ালিহাদ হযরত হাসান মিয়াঁ এবং লখনউয়ের রশিদ মীনাইসহ ভারতের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় সুফি সাধক, সাজ্জাদানশীন ও আলেম সমাজ উপস্থিত ছিলেন; এর পাশাপাশি স্বাগতিক সাফিপুরের বিশিষ্ট আলেম ও সুফি ব্যক্তিত্বদের মধ্যে হযরত উকিল আহমদ খলিলি ও নিয়াজ খাদেমীসহ অন্যান্য সম্মানিত সাজ্জাদাগণও উপস্থিত ছিলেন।

আখেরি মোনাজাত ও ফাতেহা-ই-খাস
বিকেলের শেষভাগে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও আধ্যাত্মিক সমৃদ্ধি কামনা করে বিশেষ আখেরি মুনাজাতের মাধ্যমে সামা মাহফিলের সমাপ্তি ঘটে এবং সমবেত সকলে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে সাফিপুর এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত সাজ্জাদানশীন ও বিশিষ্ট সুফি সাধকদের উপস্থিতিতে সাহেব-ই-সাজ্জাদা হযরত নওয়াজিশ মোহাম্মদ ফারুকী এবং হযরত আফজল মোহাম্মদ ফারুকীর পবিত্র হুজরা শরিফে বিশেষ মর্যাদায় ‘ফাতেহা-ই-খাস’ তিলাওয়াত ও বিশেষ দোয়া সম্পন্ন হয়।

নৈশ দস্তরখান
সন্ধ্যার পর পুনরায় ‘লঙ্গর-ই-মাখদুম শাহ সাফি’-এর নৈশ দস্তরখানের আয়োজন করা হয়, যেখানে দূর-দূরান্ত থেকে আগত মেহমানরা তাবাররুক গ্রহণ করেন এবং নৈশভোজ শেষে দেশ ও বিদেশের সুফি মেহমান ও আশেকানরা সাহেব-ই-সাজ্জাদার কাছ থেকে বিদায়ী দোয়া নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত