আল-আজহারের প্রবাসী শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা ড. নাহলা আস-সাঈদীর সঙ্গে গাউসিয়া কমিটি বাংলাদেশ শাখার সৌজন্য সাক্ষাৎ

 

মিশরের ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম শীর্ষ দ্বীনি ও সামাজিক সংগঠন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল-আযহার বিশ্ববিদ্যালয় শাখা’র পক্ষ থেকে শাইখুল আজহারের সম্মানিত প্রবাসী শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা ড. নাহলা আস-সাঈদীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কায়রোস্থ আল-আজহারের প্রবাসী শিক্ষার্থীদের শিক্ষা উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি সম্পন্ন হয়।

সাক্ষাৎকালে আল-আজহার শাখার প্রতিনিধিদল ড. নাহলা আস-সাঈদীর কাছে সংগঠনের বর্তমান শিক্ষামূলক, সামাজিক ও মানবিক কার্যক্রমের একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন। একই সাথে প্রবাসের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, কল্যাণ, মেধার বিকাশ ও সার্বিক উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁর সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

ড. নাহলা আস-সাঈদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন গাউসিয়া কমিটি আল-আজহার শাখার প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনার পর ড. নাহলা আস-সাঈদী গাউসিয়া কমিটির নানামুখী কল্যাণমূলক ও সুফি আদর্শিক উদ্যোগের তীব্র প্রশংসা করেন। তিনি বলেন, “প্রবাসী শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের মেধা ও মনন বিকাশে পরিচালিত এমন সুশৃঙ্খল উদ্যোগ সত্যিই চমৎকার ও প্রশংসনীয়।” তিনি ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নে আল-আজহার প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের অ্যাকাডেমিক সহযোগিতা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের সুদৃঢ় আশ্বাস দেন।

দীর্ঘক্ষণ চলা এই ফলপ্রসূ সভায় উভয় পক্ষ আল-আজহারে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, উচ্চতর শিক্ষা সহায়তা নিশ্চিতকরণ, পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় এবং মানবিক কর্মকাণ্ড প্রবাসের মাটিতে আরও ব্যাপকভাবে সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

বৈঠক শেষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল-আযহার বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতৃবৃন্দ তাঁদের মূল্যবান সময় প্রদান, আন্তরিক আতিথেয়তা ও গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য ড. নাহলা আস-সাঈদীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর কল্যাণ কামনা করে শ্রদ্ধা নিবেদন করেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত