উপমহাদেশের ইসলামি সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় ও খ্যাতিমান নাতখাঁ জোয়েব আশরাফী প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। আগামী পবিত্র রবিউল আউয়াল মাসে তাঁর এই বহুল প্রতীক্ষিত সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি তাঁর ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশে জোয়েব আশরাফীর এই সফর ও সমগ্র অনুষ্ঠানমালার প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন তাওহীদ আহমেদ আশরাফী। সফরের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তাওহীদ আহমেদ আশরাফী জানান, আগামী পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহেই জোয়েব আশরাফী বাংলাদেশে এসে পৌঁছাবেন।
তিনি আরও উল্লেখ করেন, ইতিমধ্যেই দেশের প্রধান তিনটি বিভাগ ও অঞ্চলে তাঁর মাহফিল ও সাংস্কৃতিক পরিবেশনার তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানী ঢাকা, বাণিজ্য নগরী চট্টগ্রাম এবং উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সৈয়দপুর। এছাড়াও দেশের অন্যান্য বিভিন্ন প্রান্ত থেকে আশেকানে রাসুল ও ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে অনুষ্ঠানের জোরালো প্রস্তাব আসছে। সেসব অঞ্চলের স্থানীয় আয়োজকদের সাথে বর্তমানে আলোচনা চলছে; সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খুব শীঘ্রই বাকি ভেন্যুগুলোর ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জোয়েব আশরাফীর এই প্রথম বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের ইসলামি দ্বীনি মহল, তরীকতপন্থী সুফি সমাজ এবং নাত-প্রেমিক সাধারণ ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ, উদ্দীপনা ও তুমুল উৎসাহের সৃষ্টি হয়েছে।