কুমিল্লার লাকসাম উপজেলার ঐতিহ্যবাহী চাঁদপুরীশাহ দরবারের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত সুফি সাধক হযরত সৈয়দ আবু আশরাফ মোহাম্মাদ গাজিউল হক চাঁদপুরীশাহ (রহ.)-এর পবিত্র ওফাত দিবস উপলক্ষে আজ ২২ জুন (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ বার্ষিক আশেকান সমাবেশ। দরবার শরিফের পক্ষ থেকে দিনব্যাপী নানা আধ্যাত্মিক ও ধর্মীয় কর্মসূচির মাধ্যমে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজকের এই আশেকান সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেক, ভক্ত ও মুরিদান দরবার শরিফে সমবেত হতে শুরু করেছেন।
দরবারের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আজ ২২ বাদ ফজর পবিত্র খতমে কোরআনের মাধ্যমে দিবসের সূচনা হয়েছে। এরপর বাদ জোহর আগত মেহমান ও ভক্তদের মাঝে তাবারুক বিতরণ করা হবে। বাদ আসর থেকে মূল আশেকান সমাবেশ, নাতে রাসুল এবং দরবারের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী শানে মুর্শিদি পরিবেশিত হবে। বাদ মাগরিব থেকে দেশবরেণ্য উলামায়ে কেরামগণের উপস্থিতিতে সুফিবাদের গুরুত্ব ও তাৎপর্য এবং দরবারের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে আলোচনা করা হবে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, সমাবেশে আগত দূর-দূরান্তের ভক্ত ও আশেকানদের সুবিধার্থে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। বিভিন্ন এলাকার দায়িত্বশীল খলিফাদের মাধ্যমে সমন্বয় সাধন করা হচ্ছে। দরবার শরিফের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুসংগঠিত স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে।
পবিত্র মাজার জিয়ারত ও আখেরি মুনাজাতের মাধ্যমে এই আধ্যাত্মিক আয়োজনের সমাপ্তি ঘটবে। আয়োজনের পৃষ্ঠপোষকতা ও মুনাজাত পরিচালনা করবেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন পীর সাহেব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। ৬ষ্ঠ আশেকান সমাবেশ সফল ও সার্থক করতে সকল আশেক-ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ জনতাকে যথাসময়ে উপস্থিত হবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।