মাইজভাণ্ডারের হোসাইনী আই কেয়ার সেন্টারে সফল ছানি অপারেশনে দৃষ্টি ফিরল ৬ অসচ্ছল মানুষের

 

“মানবতার সেবাই যে ইবাদতের এক মহিমান্বিত রূপ”—এই বাণীকে ধারণ করে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে চিকিৎসা-সেবামূলক প্রতিষ্ঠান “হোসাইনী আই কেয়ার সেন্টার”। গত ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বিশেষ উদ্যোগে আরও ৬ জন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীর সফল ছানি অপারেশনের মাধ্যমে তাঁদের চোখে নতুন দৃষ্টির আলো ফিরিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়ির দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের নিজস্ব ভবনে পরিচালিত এই সেবামূলক প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসাসেবা প্রদান করে। দীর্ঘদিন ধরে ছানি রোগে আক্রান্ত হয়ে এসব সাধারণ মানুষ চরম দৃষ্টিহীনতা ও নানাবিধ ভোগান্তির শিকার হচ্ছিলেন। তীব্র অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় ও ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা তাঁদের পক্ষে সম্ভব ছিল না। হোসাইনী আই কেয়ার সেন্টারের এই সুপরিকল্পিত ও মানবিক উদ্যোগের ফলে তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে উন্নত অস্ত্রোপচারের সুযোগ লাভ করেন। সফল এই অপারেশনের পর রোগীদের চোখে যেমন দেখার ক্ষমতা ফিরে এসেছে, তেমনি তাঁদের দৈনন্দিন জীবনে সঞ্চারিত হয়েছে নতুন আশা ও উদ্দীপনা।

এ দফায় সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন হওয়া ভাগ্যবতী ও ভাগ্যবানেরা হলেন—
মোঃ ইদ্রিচ (৭০): হাটহাজারী, চট্টগ্রাম।
শামসুন সাহার (৫৮): রাউজান, চট্টগ্রাম।
হাজেরা বেগম (৬২): সাতকানিয়া, চট্টগ্রাম।
মরিয়ম বেগম (৫৫): চন্দনাইশ, চট্টগ্রাম।
মাহফুজা খাতুন (৭৮): চন্দনাইশ, চট্টগ্রাম।
আবুল বশর (৬৭): ফটিকছড়ি, চট্টগ্রাম।

মহতি এই অপারেশন কার্যক্রমটি অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি। তাঁর সুনিপুণ চিকিৎসা দক্ষতা, দীর্ঘ অভিজ্ঞতা ও আন্তরিক তত্ত্বাবধানে প্রতিটি রোগীর জটিল অস্ত্রোপচার অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
অপারেশন চলাকালীন ও পরবর্তী সময়ে গাউসিয়া হক মনজিলের ‘যাকাত ওয়েলফেয়ার ফান্ড’-এর সম্মানিত কর্মকর্তাগণ মন্টরিংয়ের জন্য হাসপাতালে উপস্থিত ছিলেন। তাঁরা প্রত্যেক রোগীর শয্যাপাশে গিয়ে সুনির্দিষ্ট খোঁজখবর নেন এবং তাঁদের মাঝে সাহস জোগান। ফান্ড-এর দায়িত্বশীল নেতৃবৃন্দ এ সময় গণমাধ্যমকে জানান, সুফি আদর্শের মূল শিক্ষাই হলো সৃষ্টির সেবা করা। সেই দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও সমাজের এমন অসহায়, সুবিধাবঞ্চিত ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে থেকে সব ধরনের মানবিক ও চিকিৎসাসেবা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত