পবিত্র মহররম মাস উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা ৩২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী “শোহাদায়ে কারবালা মাহফিল”। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পস্থ ঐতিহ্যবাহী ‘মসজিদ-এ-বেলাল (রা.)’ প্রাঙ্গণে প্রতিদিন বাদ আসর থেকে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
দেশবরেণ্য জাতীয় পর্যায়ের প্রখ্যাত মুফতি, মুহাদ্দিস ও মুফাসসিরে কুরআনগণের অংশগ্রহণে টানা ১০ দিনব্যাপী এই মাহফিলে কারবালার ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে আলোচনা করা হবে। এর আগে গত ১০ জুন মাহফিল সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের উপদেষ্টাবৃন্দ, নির্বাহী সদস্যবৃন্দ এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এবারের মাহফিলকে অত্যন্ত সুশৃঙ্খল, আকর্ষণীয় ও ফলপ্রসূভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রস্তুতি সভায় দায়িত্বশীলরা বলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহান আত্মত্যাগ, ধৈর্য, সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থান এবং ইসলামের জন্য তাঁর অবিস্মরণীয় অবদান মুসলিম উম্মাহর জন্য শাশ্বত ও অনুকরণীয় আদর্শ। কারবালার শিক্ষা মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সত্য, ন্যায় এবং তাকওয়ার চর্চাকে আরও সুদৃঢ় করতে অনন্য ভূমিকা রাখে।
মাহফিলের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ওয়ায়েজ ও সুফি চিন্তাবিদ মুফতি মুহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজী বলেন, “আহলে বাইতের প্রতি ভালোবাসাই প্রকৃতপক্ষে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।” তিনি সমগ্র মুসলিম উম্মাহকে কারবালার প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে ইসলামের সুমহান আদর্শ ব্যক্তিগত ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা ৩২ নং ওয়ার্ড শাখার আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমান, আহলে বাইতপ্রেমী ও সর্বস্তরের সুফি অনুরাগী জনতাকে ১০ দিনব্যাপী এই মাহফিলে যথাসময়ে উপস্থিত থেকে কারবালার মহান শিক্ষা ও আদর্শের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।