১৪৪৭ হিজরি সনকে বিদায় জানিয়ে শুরু হতে যাচ্ছে নতুন বছর ১৪৪৮ হিজরি। মুসলিম জাতির ঐতিহ্য, তাহজিব-তামাদ্দুন ও গৌরবের এই হিজরি নববর্ষকে বরণ করে নিতে জাতীয় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আগামীকাল ১ মহররম ১৪৪৮ হিজরি মোতাবেক ১৬ জুন ২০২৬, মঙ্গলবার রাজধানী ঢাকায় বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার বাদ আছর ঢাকার শাহবাগ মোড় অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হবে এবং সেটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
পরবর্তীতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে “কারবালার সংগ্রামী চেতনা: প্রেক্ষিত বাংলাদেশ” শিরোনামে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামিক হেরিটেজ এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মূল চেতনা হিসেবে নির্ধারণ করা হয়েছে, ‘জালিমের বিরুদ্ধে হোসাইনী চেতনায় রুখে দাঁড়ানোর বার্তা নিয়ে, ফিরে এলো খলিফা ওমরের খুন রাঙা পহেলা মহররম।’
এই মহতী আয়োজনে দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় সর্বস্তরের জনতাকে উপস্থিত থেকে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতীয় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।