উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক, চট্টগ্রামের শহর কুতুব হযরত শাহ সুফি আমানত খান রহ. এর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের নিকট তাঁর পবিত্র জীবনাদর্শ পৌঁছে দেয়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামের প্রবেশদ্বার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁর সংক্ষিপ্ত জীবনী প্রদর্শনের এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
এই মহতী উদ্যোগের সার্বিক নেতৃত্বে রয়েছেন শাহ সুফি আমানত খান রহ. এর আওলাদ ও বর্তমান সাজ্জাদানশীন শাহজাদা ফরিদ উদ্দিন মোহাম্মদ আলী খান এবং তাঁর কনিষ্ঠ পুত্র শাহজাদা মোনায়েম খান। আধ্যাত্মিক ঐতিহ্যকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার এই সুফি ভাবাদর্শী উদ্যোগে দরবারের আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দ আন্তরিকভাবে সহযোগিতা প্রদান করছেন।
সংশ্লিষ্টরা জানান, এই প্রদর্শনী চালুর ফলে দেশ-বিদেশ থেকে বিমানযোগে আগত দেশি ও বিদেশি যাত্রীরা চট্টগ্রামের আধ্যাত্মিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হযরত শাহ সুফি আমানত খান রহ. এর পবিত্র জীবন, আধ্যাত্মিক কর্ম, মানবসেবা এবং ইসলামের সুমহান প্রচার-প্রসারে তাঁর অসামান্য অবদান সম্পর্কে একটি সংক্ষিপ্ত ও সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন।
ঐতিহাসিক এই সুফি সাধকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর অহিংস ও মানবিক আদর্শকে যুগে যুগে বিশ্ববাসীর মাঝে পৌঁছে দেয়ার ক্ষেত্রে এই সময়োপযোগী পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।