পঞ্চগড়ে মাজার ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দেশজুড়ে মাজার ও সুফি স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক উগ্রবাদী হামলা-ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তরের জেলা পঞ্চগড়ে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) পঞ্চগড় জেলা শাখার যৌথ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার সর্বস্তরের তরিকতপন্থী আলেম, আশেকান ও সাধারণ মুসলমানরা ব্যানার-ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে অংশ নিয়ে তরিকতপন্থী সুফি নেতৃবৃন্দ গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, মাজার শরিফ মুসলিম উম্মাহর আধ্যাত্মিক চর্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান। শত শত বছর ধরে এসব ওলী-আউলিয়াদের পুণ্যভূমিতে ধর্মপ্রাণ মানুষ হৃদয়ের টানে ছুটে আসেন। কিন্তু সাম্প্রতিক সময়ে মিরপুরের ঐতিহাসিক শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজারসহ দেশের বিভিন্ন স্থানে পবিত্র সুফি স্থাপনাগুলোতে যেভাবে কাপুরুষোচিত হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তা কোনো সচেতন মুসলমান মেনে নিতে পারে না। একটি সুনির্দিষ্ট উগ্রবাদী মহল পরিকল্পিতভাবে দেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি ও হাজার বছরের সুফি ঐতিহ্য নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের চরমপন্থী ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে অবিলম্বে কঠোর হওয়ার জোরালো আহ্বান জানান তারা।

বক্তারা দেশের মাজার, খানকাহ ও ধর্মীয় স্থাপনাগুলোর স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। একই সাথে, এ পর্যন্ত সারা দেশে ঘটে যাওয়া সবকটি হামলা ও ভাঙচুরের ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যেন ভবিষ্যতে কোনো গোষ্ঠী এমন ন্যাক্কারজনক দুঃসাহস দেখানোর সাহস না পায়।

সমাবেশে আহলে সুন্নাত ও সুপ্রিম পার্টির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, হযরত মাওলানা মোহাম্মদ আবু সালেহ, দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াদুদ বাদশা, জকির হোসাইন, রমজান আলী ও ফারুক হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় সুফি নেতৃবৃন্দ। ঘণ্টাব্যাপী এই মহাসড়ক সংলগ্ন মানববন্ধন কর্মসূচি শেষ করার পর ওলামায়ে কেরাম ও তরিকতপন্থীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও ধর্মবিষয়ক মন্ত্রী বরাবর একটি সুনির্দিষ্ট স্মারকলিপি প্রদান করেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত