চট্টগ্রামের রাউজানে আল্লামা শাহসুফি আব্দুল মালেক শাহ্’র ১৭তম বার্ষিক ওরস শরীফ আজ

চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, হেফজ ও এতিমখানার প্রতিষ্ঠাতা আল্লামা শাহসুফি আব্দুল মালেক শাহ্ সাহেব (রহ.)—যিনি ‘বড় হুজুর কেবলা’ হিসেবে সুপরিচিত—তাঁর ১৭তম পবিত্র বার্ষিক ওরস শরীফ আজ অনুষ্ঠিত হচ্ছে। ‘সমস্ত নবী রাসুল (সা.) ও অলি আল্লাহদের ওরস তথা ওরশে কুল’ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২১ মে/৭ জ্যৈষ্ঠ) উরকিরচরের গাউছিয়া মাদ্রাসা ময়দানে এই পবিত্র ওরস শরীফের বিশাল আয়োজন করা হয়েছে।

ঐতিহাসিক এই ওরস শরীফ উদযাপনে আল্লামা আব্দুল মালেক শাহ্ (রহ.) কমপ্লেক্স ট্রাস্টের ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা আধ্যাত্মিক ও ধর্মীয় কর্মসূচির সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে পবিত্র কুরআন খতম, খতমে খাজেগান, খতমে গাউছিয়া শরীফ এবং মাজার শরীফে পুষ্পস্তবক অর্পণ ও গোলাপ জল ছিটানো হয়।
এরপর বাদে জোহর থেকে শুরু হবে মূল আকর্ষণ খতমে বুখারী শরীফ, সুফি দর্শন আলোচনা, মিলাদ ও কিয়াম মাহফিল। দিনব্যাপী এই নূরানী মাহফিলে দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামগণ ইসলামের মূল ধারা এবং সুফি তরিকতের ওপর গুরুত্বপূর্ণ তকরির (বক্তব্য) পেশ করবেন।

পবিত্র এই ওরস মোবারকে ছদারত (সভাপতিত্ব) করবেন উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল-কাদেরী (মা. জি. আ.)। মাহফিল সফল করতে আরজগুজার হিসেবে নিরলস দায়িত্ব পালন করছেন কাজী মাওলানা মোহাম্মদ হোসাইন রেজা ও শাহজাদা মহিউদ্দীন মোহাম্মদ তৌছিফ রেজা।
রাউজানের উরকিরচরস্থ মাদ্রাসা ময়দানে আগত ভক্ত-অনুরক্তদের সুবিধার্থে আবাসন, যাতায়াত ও শৃঙ্খলার জন্য ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।

বিকেলে খতমে বুখারী ও মিলাদ শরীফ শেষে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, ফিলিস্তিনসহ সারা বিশ্বের মজলুম মানবতার মুক্তি এবং আধ্যাত্মিক সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করা হবে। মোনাজাত শেষে সমবেত ধর্মপ্রাণ সুফি জনতার মাঝে ঐতিহ্যবাহী নেওয়াজ ও তাবারুক বিতরণের মাধ্যমে ওরসের সফল সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত