কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ঐতিহ্যবাহী ফরিদপুর মাজার শরিফে আজ মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক পবিত্র ওরস শরীফ। প্রখ্যাত আধ্যাত্মিক সাধক “হু-ওয়াল হাইয়্যুল কাইয়্যুম” হযরত মাওলানা আবু আলী আজার উদ্দিন শাহ কলন্দর গাউসে পাক (রহ.)-এর ৪৩তম ওফাত দিবস উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই বিশেষ আধ্যাত্মিক মিলনমেলার আয়োজন করা হয়েছে।
ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯, ২০ ও ২১ মে ২০২৬ (৫, ৬ ও ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দরবার শরিফ প্রাঙ্গণে ওরসের মূল আনুষ্ঠানিকতা চলবে। তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন অর্থাৎ আজ ১৯ মে বাদ আসর পবিত্র কুরআন খতম এবং সারারাত ব্যাপী হেদায়েতি ওয়াজ ও আধ্যাত্মিক মাহফিল অনুষ্ঠিত হবে।
পরবর্তী দিনগুলোতে বাদ মাগরিব মিলাদ শরিফ, জিকির-আজকার এবং দুরুদে সায়ার বিশেষ আয়োজন করা হয়েছে। আগামী ২১ মে (বৃহস্পতিবার) বাদ ফজর আখেরি মোনাজাত এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে তিনদিন ব্যাপী এই ওরস শরীফের সমাপ্তি ঘটবে।
মাজার কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং সম্মানিত মোতাওয়াল্লী মো. নজরুল ইসলাম কাজী এক যৌথ বিবৃতিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সুফি অনুরাগী ও ধর্মপ্রাণ মানুষকে এই পবিত্র ওরস শরীফে অংশগ্রহণ করে দ্বীন ও দুনিয়ার শান্তি হাসিলের আহ্বান জানিয়েছেন।
মাজার কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, আগত ভক্তদের প্রয়োজনীয় সামানাদি সঙ্গে নিয়ে আসতে হবে। একই সাথে মাজার ও দরবারের আধ্যাত্মিক পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষার্থে মাজার প্রাঙ্গণে উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানো কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও আশেকানদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোনাজাত শেষে প্রতিদিনের কর্মসূচির অংশ হিসেবে মেহমানদের মাঝে তবারক বিতরণ করা হবে।