রাজধানীর মোহাম্মদপুরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে বিশ্বের অদ্বিতীয় দুরূদ শরীফগ্রন্থ ‘মাজমু’আহ-এ সালাওয়াতে রসূল’ (ﷺ)-এর প্রণেতা, আল্লামা খাজা আবদুর রহমান চৌহরভী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ১০৫তম বার্ষিক ওরস মাহফিল আগামীকাল মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট, ঢাকা’র উদ্যোগে মোহাম্মদপুরের জয়েন্ট কোয়ার্টারস্থ ৯/২-এ, ব্লক-এফ এলাকার কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা ক্যাম্পাস সংলগ্ন খানকা-এ-তৈয়্যেবিয়ায় এই পবিত্র ওরস মাহফিলের আয়োজন করা হয়েছে।
পবিত্র ওরস উপলক্ষে পূর্বের ন্যায় এবারও দিনব্যাপী রূহানী ও আধ্যাত্মিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বাদ ফজর হতে মসজিদ-এ-তৈয়্যেবিয়ায় মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সমন্বয়ে পবিত্র কোরআন খতম এবং খতমে গাউছিয়া শরীফ। এরপর সকাল ৯টা থেকে শুরু হবে খতমে মাজমু’আহ-এ সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে বুখারী শরীফ তেলাওয়াত ও খতমে তাহলীল।
ইবাদত ও জিকির-আসকারের এই পর্ব শেষে বেলা ১১টা থেকে মাদ্রাসার ছাত্র-শিক্ষক, আঞ্জুমানের কর্মকর্তা ও পীরভাইদের উপস্থিতিতে এক স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে হযরত খাজা আবদুর রহমান চৌহরভীর জীবনালক্ষ্য, কর্ম ও সুফি দর্শনের ওপর আলোচনা করবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম। আলোচনা সভা শেষে বাদ যোহর পবিত্র মিলাদ-কিয়াম ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।
আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট, ঢাকা’র চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শহীদ উল্লাহ্ এবং সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান এক যৌথ বার্তায় উক্ত ওরস মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ও পীর ভাইদের যথাসময়ে উপস্থিত থেকে আউলিয়া-ই-কেরামের রূহানি ফয়েজ ও বরকত হাসিল করার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন।