‘নৈতিকতার মশাল হাতে জাগবে তরুণ সমাজ’—এই দৃপ্ত প্রত্যয়কে সামনে রেখে চট্টগ্রাম শহরের খতিবেরহাটস্থ কুতুব ভবনের পার্শ্ববর্তী আননুমান সুন্নিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে “মুহাদ্দিস এ আযম শায়খুল হাদীস আল্লামা আবুল ফসিহ মুহাম্মদ ফোরকান শাহ (রহ.) জামেয়ান মহেশখালী ছাত্র ফোরাম”-এর ২০২৬-২০২৮ সেশনের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ মে) মাদ্রাসা মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে।
ফোরামের সভাপতি মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অভিষেক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দ্বীনি শিক্ষার প্রসার ও সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুদায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক, আলহাজ্ব আল্লামা মুহাম্মদ আব্দুল মোস্তফা তারেকুল ইসলাম আল কাদেরী।
আমন্ত্রিত বক্তারা তাঁদের বক্তব্যে ফোরামের মূল আদর্শ ও লক্ষ্য তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক গঠন, দ্বীনি শিক্ষার বৈশ্বিক প্রসার এবং সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। বক্তারা জোর দিয়ে বলেন, তরুণ সমাজকে ইসলামের প্রকৃত সুফি দর্শন ও সঠিক আলোয় আলোকিত হয়ে দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রভাষক (ফকিহ) মাওলানা মোহাম্মদ ইমরানুল ইসলাম কাদেরী, প্রভাষক (ফকিহ) মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন রেজভি, আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন আল কাদেরী এবং শিক্ষক মুহাম্মদ সৈয়দ নুর আল হাওয়ারী।
এ ছাড়াও সংগঠনটির ধারাবাহিকতা রক্ষায় সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউল আলম, সাবেক সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম রেজভি এবং সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ ই এম জুবায়ের উদ্দিন ফোরকানী।
সভার শেষ পর্যায়ে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহ এবং অত্র ছাত্র ফোরামের সার্বিক মঙ্গল, সমৃদ্ধি ও আধ্যাত্মিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ভাবগাম্ভীর্যপূর্ণ এই মোনাজাতের মধ্য দিয়েই সফলভাবে সমাপ্ত হয় মহেশখালী ছাত্র ফোরামের এই বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান।