মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাধীন ঐতিহ্যবাহী জয়মন্টপ পীরবাড়ি দরবার শরীফের প্রতিষ্ঠাতা, কুতুবে জামান হযরত মাওলানা শাহ আব্দুল ওয়াহেদ ওরফে ডেঙ্গুর পীর সাহেব (রহ.)-এর প্রধান খলিফা ও দ্বিতীয় গদ্দিনেসীন পীর সাহেব হযরত মাওলানা আবুল হোসেন খান (রহ.) এবং তাঁর সহধর্মিণী মা জোহুরা খাতুনের ওফাত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (১৫ মে) এক আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বাদ জুমা জয়মন্টপ পীরবাড়ি শাহী মসজিদে এই মিলাদ অনুষ্ঠিত হয়।
পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে দরবার শরীফ ও শাহী মসজিদ প্রাঙ্গণে সকাল থেকেই আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন খতম, আউলিয়ায়ে কেরামের সুফি দর্শন নিয়ে আলোচনা এবং মিলাদ। এই পুণ্যময় উপলক্ষে দরবার শরীফের বর্তমান ও তৃতীয় গদ্দিনেসীন পীর সাহেব হযরত মাওলানা আবু মোহাম্মদ বদরুল হুদা খান (রহ.)-এর অভিভাবকত্ব ও পুণ্যস্মৃতিকে স্মরণ করে ভক্ত ও আশেকানরা আলোচনায় অংশ নেন।
ধর্মীয় আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ আখেরি মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফরিদপুরের কামারডাঙ্গী দরবার শরীফের পীরজাদা মাহমুদুল হুদা খান (মা.জি.আ.)।
উক্ত আধ্যাত্মিক অনুষ্ঠানে দরবার শরীফের আশেকান ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন মৌলভী শাহ্ আব্দুল ওয়াহেদ ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক ইমরান হুসাইন তুষার, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন এবং জয়মন্টপ পীরবাড়ি শাহী মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান প্রমুখ। মোনাজাত শেষে উপস্থিত ভক্ত ও মেহমানদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।