রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহাসিক হযরত শাহ আলী বোগদাদী (রহ.)-এর মাজারে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। এই হামলার প্রতিবাদে আজ শুক্রবার (১৫ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা মিরপুর মাজার শরিফে উগ্রবাদী গোষ্ঠীর বর্বরোচিত হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
উত্থাপিত ৩ দফা দাবি:
প্রতিবাদ সমাবেশ থেকে গাউসিয়া কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সরকারের কাছে ৩টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:
১) মিরপুর শাহ আলী বোগদাদী (রহ.)-এর মাজারে হামলাকারী এবং এর পেছনে থাকা মূল উসকানিদাতাদের সিসিটিভি ফুটেজ দেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২) সারাদেশের সমস্ত মাজার, খানকাহ্, দরগাহ এবং সুফিবাদী ঐতিহ্যবাহী স্থানগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করতে হবে।
৩) ধর্মের নামে যারা মাজার, খানকাহ্, দরগাহ, মসজিদ ও সুফি সংস্কৃতির ওপর প্রতিনিয়ত আঘাত হানছে এবং উগ্রবাদী প্রচারণা চালাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ সুফি-সাধকদের পুণ্যভূমি। এখানে যুগে যুগে সকল ধর্মের ও মতের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। মাজার ও সুফি সংস্কৃতির ওপর এই ধরনের পরিকল্পিত আঘাত মূলত দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র।” চরম উস্কানির মুখেও মাজারের সাধারণ ভক্তরা যেভাবে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, বক্তারা তার ভূয়সী প্রশংসা করেন এবং প্রশাসনকে অবিলম্বে মাজারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে গাউসিয়া কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সুফি অনুরাগী জনতা অংশ নেন।