আধ্যাত্মিক আবহ আর অগণিত ভক্ত-আশেকানদের মিলনমেলার বার্তা নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আজ বৃহস্পতিবার (১৪ মে) উদযাপিত হচ্ছে ঐতিহাসিক বার আউলিয়া মাজারের পবিত্র ওরস। প্রতি বছরের ন্যায় এবারও বার আউলিয়া মাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে এই আধ্যাত্মিক মিলনমেলার আয়োজন করা হয়েছে। ওরস উপলক্ষে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেকান ও ধর্মপ্রাণ মানুষ মাজার প্রাঙ্গণে সমবেত হয়েছেন।
পবিত্র ওরস শরীফ উপলক্ষে মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কুরআন খতম, মাজার জিয়ারত, আউলিয়ায়ে কেরামের জীবন ও সুফি দর্শন নিয়ে বিশেষ আলোচনা এবং মিলাদ শরীফ। ওরশে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে মাজার প্রাঙ্গণে নামাজ আদায়, নজরানা প্রদান এবং তবারকের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে নারী দর্শনার্থীদের জন্য নামাজ ও বিশ্রামের পৃথক ও নিরাপদ ব্যবস্থা রাখা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
সুফি দর্শনের প্রচার ও প্রসারে উত্তরবঙ্গের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে এই মাজারটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ওরস শরীফকে কেন্দ্র করে এরই মধ্যে পুরো এলাকায় এক গভীর আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাজার ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও অনুরাগীগণকে এই পুণ্যময় আয়োজনে অংশ নিয়ে আধ্যাত্মিক কল্যাণ হাসিলের জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে। আজ রাতে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় আখেরী মোনাজাতের মাধ্যমে ওরস শরীফের সমাপ্তি ঘটবে।