চট্টগ্রামের আনোয়ারার ওষখাইন আলীনগর রজায়ী দরবার শরীফে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে আওলাদে ছিদ্দিকে আকবর (রা.), আধ্যাত্মিক সাধক শাহ্ সুফী আলী রাজা প্রকাশ কানু শাহ্ (রহ.)-এর সুযোগ্য উত্তরসূরি পীরে তরিকত শাহ্ সুফী মাওলানা একরামুল হক শাহ্ রজার্যী (রহ.)-এর বার্ষিক ওরস শরীফ উদযাপিত হয়েছে। গত ১১ মে সোমবার বিশ্ব নূর মঞ্জিলের উদ্যোগে আয়োজিত এই ওরস শরীফে দরবার প্রাঙ্গণে সমবেত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত ভক্ত ও আশেকান।
ঐতিহ্যবাহী এই ওরস শরীফ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে বাদ ফজর খতমে কুরআন তিলাওয়াত ও মাজার শরীফে পবিত্র গিলাফ চড়ানোর মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর খতমে বুখারী শরীফ, খতমে গাউছিয়া ও খতমে খাজেগানসহ বিশেষ দোয়া ও মিলাদ শরীফের মাধ্যমে পুরো দরবার প্রাঙ্গণকে নূরানী ও আধ্যাত্মিক আবহে মুখরিত করে রাখা হয়।
ওরস শরীফের আলোচনায় পীরে তরিকত শাহ্ সুফী মাওলানা একরামুল হক শাহ্ রজার্যী (রহ.)-এর বর্ণাঢ্য কর্মজীবন ও আধ্যাত্মিক দর্শন নিয়ে বিশদ আলোকপাত করা হয়। আমন্ত্রিত আলোচকবৃন্দ বলেন, “মরহুম শাহ্ সুফী একরামুল হক শাহ্ রজার্যী (রহ.) সারাজীবন ইসলামের সঠিক পথ ও তরিকত প্রচারের মাধ্যমে মানুষের আত্মিক উন্নয়নে নিবেদিত ছিলেন। তাঁর রেখে যাওয়া আধ্যাত্মিক আদর্শ ও নৈতিক শিক্ষা বর্তমান সমাজের জন্য এক অনন্য পাথেয়।”
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মহিউদ্দীন হাশেমী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী এবং পীরে তরিকত আল্লামা সৈয়দ মাহমুদুল হক নঈমী।
দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দিন রজার্যীর সভাপতিত্বে আয়োজিত এই ওরস শরীফের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজাদা মুহাম্মদ ইশফাক উল্লাহ রজার্যী ও শাহজাদা মুহাম্মদ ফরমান উল্লাহ রজার্যী।
অনুষ্ঠান শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দিন রজার্যী। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
ওরস শরীফ শেষে আগত সকল মেহমান, ভক্ত ও মুরিদানদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে এই আধ্যাত্মিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দরবার পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানানো হয়েছে।