গত ৩০ এপ্রিল, রোজ বৃহস্পতিবার গাজীপুর মহানগরের পোড়াবাড়ী এলাকায় অবস্থিত শাহ্ ফসিহ উদ্দিন ওরফে ফসিহ পাগলার মাজার পুনঃসংস্কার কার্যক্রম এবং সার্বিক পবিত্রতা বজায় রাখার লক্ষ্যে গাজীপুর নগর ভবনের সভাকক্ষে একটি জরুরী সম্মেলনের আয়োজন করা হয়। মাজার কমিটির সভাপতি রায়হান আল মাহমুদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের মেয়র বলেন, “ফসিহ পাগলা একজন কামেল লোক ছিলেন। তাঁর নিকট আমিও দুয়েকবার গিয়েছি, যদিও তখন ছোট ছিলাম। তাঁর মাজারে যারা আঘাত করেছে তারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। যদি বুঝে শুনে কেউ আঘাত করে থাকে তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সে শাস্তির সম্মুখীন হবে।”
সভায় মাজার কমিটি, ওলামায়ে কেরাম, ভক্তবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও সভাপতি উভয়েই সকলকে মাজারের পবিত্রতা বজায় রাখার স্বার্থে সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর বিকাল ৩ ঘটিকায় কয়েকশো মুসল্লি লাঠি, রড, শাবল ও ভাড়া করা বুলডোজার নিয়ে ফসিহ পাগলার মাজার কমপ্লেক্সে হামলা চালায়। প্রায় ঘন্টাখানেক ধরে চলা উক্ত হামলায় মাজার কমপ্লেক্সের সীমানা প্রাচীর, খাদেমের ঘর, মূল ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। হামলার ফলে খাদেম মনু মিয়া সহ কয়েকজন আহত হন।