মানবিক সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত: হোসাইনী আই কেয়ার সেন্টারে ৬ রোগীর সফল ছানি অপারেশন

 

মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে হোসাইনী আই কেয়ার সেন্টারের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ৬ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন। গত ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার চট্টগ্রামের গাউসিয়া হক মনজিলের নিজস্ব ভবনে পরিচালিত এই সেবা কার্যক্রমের মাধ্যমে নতুনভাবে চোখের আলো ফিরে পেয়েছেন চন্দনাইশের মনোয়ারা বেগম, দোহাজারীর আবুল বশর, ফটিকছড়ির মোঃ নুরুল আলম ও রাহেনা বেগম, হাটহাজারীর মাবিয়া খাতুন এবং রাঙ্গামাটির জাহিদা বেগম।

 

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন যাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় পরিচালিত এই কার্যক্রমে রোগীদের অপারেশনের পাশাপাশি বিনামূল্যে লেন্স, প্রয়োজনীয় ঔষধ এবং অপারেশন পরবর্তী আনুষঙ্গিক চিকিৎসাসেবাও প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রমটি সফলভাবে পরিচালনা করেন খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের রেজিস্ট্রার ডাঃ মোহাঃ ওয়াজেদ চৌধুরী অভি।

 

উল্লেখ্য, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে হোসাইনী আই কেয়ার সেন্টার নিয়মিতভাবে ফ্রি ক্যাম্প, চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণের মতো মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অপারেশন চলাকালে যাকাত ওয়েলফেয়ার ফান্ডের পরিচালনা পর্ষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মানবিক এই উদ্যোগ সমাজে সামাজিক দায়বদ্ধতার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত