চট্টগ্রামে সৈয়দ আহমদ শাহ সিরিকোটি’র ৬৭তম ওরস মোবারক সম্পন্ন

মুসলিম উম্মাহর বর্তমান কঠিন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওলাদে রাসূল, সিরিকোট দরবারে আলিয়ার সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.) বলেছেন, “মুসলমানদের অনৈক্যের সুযোগ নিয়ে অশুভ শক্তিসমূহ মাথাচাড়া দিয়ে উঠছে। অস্তিত্ব রক্ষায় আমাদের বিভেদ ভুলে এক হতে হবে।”

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত গাউসে জামান আল্লামা সৈয়দ আহমদ শাহ্‌ সিরিকোটি (রহ.)-এর ৬৭তম বার্ষিক ওরস মোবারকের মূল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই মাহফিলে তিনি পাকিস্তান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

 

মানবতার সেবায় গাউসিয়া কমিটির ভূমিকা
ওরসে উপস্থিত প্রধান মেহমান তাঁর বক্তব্যে গাউসিয়া কমিটির বিশ্বব্যাপী মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “তরিকতের মূল নির্যাস হলো মানবতার সেবা। বিশেষ করে করোনাকালীন গাউসিয়া কমিটির দৃষ্টান্তমূলক সেবা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে।” তিনি ‘দাওয়াতে খায়ের’ কর্মসূচিকে ইসলামের সঠিক শিক্ষা ও বাতিল শক্তির কবল থেকে ঈমান রক্ষার এক যুগান্তকারী মিশন হিসেবে উল্লেখ করেন।

 

বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ও সংহতি
আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে ওরস মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এরশাদ উল্লাহ, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ মালেক।

 

বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

বিশেষ অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, ১৯৫৪ সালে সিরিকোটি (রহ.) প্রতিষ্ঠিত এই জামেয়া আজ আলেম সৃষ্টির কারখানায় পরিণত হয়েছে। তিনি নগরীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

বক্তব্য রাখছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এরশাদ উল্লাহ

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ এরশাদ উল্লাহ এমপি মাদরাসার উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং ইসলামের মৌলিক আকিদা প্রচারে আনজুমানের ভূমিকার প্রশংসা করেন।

চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ মালেক তাঁর বক্তব্যে আল্লামা সিরিকোটি (রহ.)-এর সাথে তাঁর পরিবারের ঐতিহাসিক স্মৃতির কথা তুলে ধরে আউলিয়ায়ে কেরামের আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।

 

আনজুমানের ভবিষ্যৎ পরিকল্পনা
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মনজুর আলম বলেন, “আনজুমান এ দেশের বৃহত্তম আধ্যাত্মিক সংগঠন। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে আমরা ‘আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করেছি, যার মাধ্যমে মাদরাসাগুলোকে যুগোপযোগী করে তোলা হচ্ছে।”
আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই মাহফিলে দেশ-বিদেশের হাজার হাজার অলিপ্রেমিক ও ভক্ত সমবেত হন। মাহফিল শেষে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.) দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত