ফকিরবাড়ির মরহুম পীর সাহেবের জানাযা ও দাফন সম্পন্ন: গদিনশীন হিসেবে দায়িত্ব পেয়েছেন একমাত্র পুত্র

আজ (২৮ নভেম্বর, শুক্রবার) বাদ জুমা, রাজধানী ঢাকার মিরপুর ১০-এ অবস্থিত ঐতিহ্যবাহী ফকিরবাড়ি দরবার শরীফ প্রাঙ্গণে আলহাজ্ব সৈয়দ ফকির মুসলিম উদ্দিন আহমাদ নূরী শাহ্’র জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।

জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা ১৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিনুল ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মজলিশে শূরা সদস্য স‌.উ.ম. আব্দুস সামাদ, মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ, যুগ্ম মহাসচিব মাস‌উদ হোসাইন আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আত-তাহেরী, পরিবারের সদস্যবৃন্দ, দরবারের ভক্তবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান।

জানাযায় শরিক হওয়া মুসল্লিদের একাংশ

জানাযার নামাজের ইমামতি করেছেন মরহুম পীর সাহেবের একমাত্র পুত্র জনাব সৈয়দ ফকির জিহাদ উদ্দিন আহমাদ নূরী।

নামাজের পূর্বে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তাঁর শুভাকাঙ্ক্ষীগণ বক্তব্য রাখেন। ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, “তিনি ছিলেন অত্যন্ত ভদ্র ও সজ্জন ব্যক্তি। তাঁর ইন্তেকালের তিনদিন আগে তাঁর বড়ভাই ইন্তেকাল করেছেন। সেদিন জানাযার নামাজের পর আমাকে বলেছিলেন, আগামী শুক্রবার দাওয়াত। অবশ্য‌ই আপনি আসবেন। আজকে সেই শুক্রবারে আসলাম কিন্তু তিনি আর দুনিয়াতে নেই।”

তাঁর ছোট ভাই জনাব তাজ‌উদ্দিন আহমদ বলেন, “ছোটকাল থেকে দেখেছি, তিনি সাধারণত মশা মারতেন না, তাড়িয়ে দিতেন। আল্লাহর একটি সৃষ্টি হিসেবে তিনি সম্মান করতেন। এ থেকেই তাঁর দিলদরিয়া মনের পরিচয় পাওয়া যায়।”

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মজলিশে শূরার সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স‌.উ.ম. আব্দুস সামাদ বলেন, “আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। আজ তাঁর জানাযার নামাজে শরিক হতে পেরে আমরাই সৌভাগ্যবান হলাম।”

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ আল মারুফ বলেছেন, “তিনি কোনো মাহফিলে যোগদান করলে পেছন থেকে ভিড় ঠেলে সামনে যেতেন না। নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতেন। কখনো দেখিনি উচ্চস্বরে কোনো কথা বলতে। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের জন্য অনুকরণীয়।”

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী বক্তব্য দিতে গিয়ে বলেন, “ঢাকায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের দুর্গ হিসেবে পরিচিত ফকিরবাড়ি দরবার শরীফ। আজ পীর সাহেব হুজুরের প্রস্থানে আমরা রাজধানী ঢাকায় অভিভাবকহীন হয়ে পড়লাম।”

সবশেষে মরহুম পীর সাহেবের একমাত্র পুত্র সৈয়দ ফকির জিহাদ উদ্দিন আহমাদ নূরীকে দরবারের গদিনশীন পীর হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়। তাঁর বক্তব্যে তিনি দরবারের কার্যক্রম পরিচালনা ও সার্বিক উন্নয়নের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ফকিরবাড়ি দরবার শরীফ প্রাঙ্গনেই মরহুম পীর সাহেবের দাফন কাজ সম্পন্ন হয়।

দ্য সুফি টাইমস প্রতিনিধি, ঢাকা।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত