উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক, সিরাজগঞ্জের হযরত শাহসুফী খাজা ইউনুস আলী এনায়েতপুরী সাহেবের তৃতীয় আওলাদ ও এনায়েতপুর দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় তাঁর বয়স ছিল ১০৩।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তিনি ৩ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও ভক্তবৃন্দ রেখে গিয়েছেন।
গত বুধবার (২৬ নভেম্বর) বাদ যোহর এনায়েতপুর মাজার মসজিদে তাঁর জানাযা শেষে মাজার শরীফ কমপ্লেক্সে তাকে দাফন করা হয়। জানাজায় লক্ষাধিক ভক্ত, মুরিদের সমাগম হয়েছিল।
খাজা ইউনুস আলী এনায়েতপুরীর ৫ ভাই ৫ বোনের মধ্যে হযরত খাজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া ছিলেন তৃতীয় এবং দরবার শরীফের তৃতীয় সাজ্জাদানশীন। পিতার আদর্শের ধারবাাহিকতায় তিনি ছিলেন চিন্তক, ধর্মীয় বিশারদ ও ইসলামের শান্তির প্রচারক। অল্প আহার, অল্প নিদ্রার জীবনব্যবস্থা অনুসরন করে ইসলামী ভাবধারার মানবিক দীক্ষার নানা গুনের অধিকারী ছিলেন তিনি। তাঁর পূর্বপুরুষের ধর্মীয় ঐতিহ্য, শিক্ষা লালন করে তিনি লাখ লাখ ভক্ত মুরিদদের হেদায়েতের পথ দেখিয়েছেন। আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী খাজা কামাল উদ্দিন ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য অনুকরণীয় মানবিক জীবন যাপন করেছেন। তাঁর ইন্তেকালে স্থানীয় সমাজ ও গণমানুষের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।