পাকিস্তানের লাহোরের বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান আলহামরা লাহোর আর্টস কাউন্সিলের আয়োজনে তিনদিন ব্যাপী “আলহামরা সুফি ফেস্টিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর— ধারাবাহিকভাবে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের শিডিউল ঘোষণা করেছে আলহামরা।
ঘোষিত শিডিউল থেকে জানা যায়, প্রথমদিন (২৮ নভেম্বর) সুফি চিত্রকলা প্রদর্শনী, সুফি চিন্তা বিষয়ক প্যানেল ডিসকাশন এবং আল্লামা ইকবালের দর্শনের উপর একটি নাট্য মঞ্চস্থ হবে। দ্বিতীয়দিন (২৯ নভেম্বর) পাঞ্জাবের সুফি কবি বিষয়ক প্যানেল ডিসকাশন, সুফি মিউজিক, সুফি নাইট’র আলোয় মুখরিত হবে আলহামরা। তৃতীয়দিন (৩০ নভেম্বর) সুফি বিষয়ক প্যানেল ডিসকাশন, সুফি মিউজিক এবং সর্বশেষ কাওয়ালির মাধ্যমে ফেস্টিভ্যালের সমাপ্তি ঘোষণা হবে।
জনপ্রিয় কাওয়াল শের দাদ খান, তাহসিন সাকিনাসহ অনেক বহু জনপ্রিয় কাওয়াল উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।