মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অসহায় ও দৃষ্টিহীন মানুষের পাশে দাঁড়িয়েছে “হোসাইনী আই কেয়ার সেন্টার”। দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মঞ্জিলের নিজস্ব ভবনে পরিচালিত এই প্রতিষ্ঠানের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৭ মে) ০৬ জন অসচ্ছল চক্ষুরোগীর বিনামূল্যে সফল ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিন ঝাপসা দৃষ্টি আর অন্ধকারাচ্ছন্ন জীবনের কষ্ট বয়ে বেড়ানো মানুষগুলো অপারেশনের পর ফিরে পেয়েছেন নতুন পৃথিবীর দেখা। নতুন করে দৃষ্টি ফিরে পাওয়ার আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন খাগড়াছড়ির মনোবী (৫৯), সুরন্তমূয়ী (৬৮), হিরেন্দ্র (৬৬), ফটিকছড়ির মো. শফিউল আলম (৬৫), জাহেদা আক্তার (৫৫) এবং পটিয়ার মোহাম্মদ ইব্রাহিম (২৪)। তারা জানান, সামর্থ্য না থাকায় চিকিৎসার আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এই সেবা তাদের জীবনে নতুন স্বপ্ন নিয়ে এসেছে।
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘যাকাত ওয়েলফেয়ার ফান্ড’-এর সার্বিক ব্যবস্থাপনায় এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। এই মানবিক কার্যক্রমে রোগীদের শুধু অপারেশনই নয়, বরং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ, উন্নতমানের ইনট্রা-অকুলার লেন্স এবং অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় পরিচর্যা সুবিধাও প্রদান করা হয়েছে।
অপারেশন কার্যক্রম পরিচালনা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি। তিনি ক্রিসেন্ট চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। তাঁর নিপুণ দক্ষতা ও আন্তরিকতায় কোনো জটিলতা ছাড়াই সবগুলো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
অপারেশন চলাকালে যাকাত ওয়েলফেয়ার ফান্ডের পরিচালনা পর্ষদের কর্মকর্তাগণ উপস্থিত থেকে রোগীদের খোঁজখবর নেন। তাঁরা জানান, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর দর্শন অনুযায়ী আর্তমানবতার সেবায় এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে নিবেদিত এ উদ্যোগটি সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।