হিজরি নববর্ষ ১৪৪৮ বরণে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও পহেলা মহররমে সরকারি ছুটির দাবি

 

হিজরি নববর্ষ ১৪৪৮ বরণ উপলক্ষে জাতীয় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীতে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বিকেলে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে র‍্যালিটি শেষ হয়। র‍্যালিতে উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ফিলিস্তিনের পতাকাসহ হিজরি নববর্ষের প্রথম দিন ‘পহেলা মহররম’-কে সরকারি ছুটির দিন ঘোষণার দাবি সম্বলিত বিভিন্ন রঙের ব্যানার ও প্ল্যাকার্ড শোভা পায়।

র‍্যালি শুরুর আগে শাহবাগে আয়োজিত এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে হিজরি সনকে মুসলিম উম্মাহর ইতিহাস, আত্মপরিচয় ও সভ্যতার এক গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে বক্তব্য দেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্টা ও প্রখ্যাত কলামিস্ট শায়খ উসমান গণি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফ্ফর মোজাদ্দেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম মাছুম বিল্লাহ এবং পরিষদের কো-অর্ডিনেটর ইমরান হুসাইন তুষার প্রমুখ।

বক্তারা জাতীয় জীবনে হিজরি বর্ষপঞ্জির যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং পহেলা মহররমকে সরকারি ছুটির আওতায় আনার বিষয়ে দ্রুত রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান। এদিকে, নতুন হিজরি বছরের সূচনা শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করে আয়োজকরা জানান, আজ সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে একটি বিশেষ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ইসলামী সংগীত, আবৃত্তি ও হিজরি নববর্ষের তাৎপর্য নিয়ে আলোচনার মাধ্যমে হিজরি নববর্ষকে স্বাগত জানানো হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত