উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১২তম শিক্ষক সমাবেশ। গত ২ মে ২০২৬, শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’-এ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ব্যবস্থাপনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। “শিক্ষার সংকট ও উত্তরণের উপায়: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এম.পি।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সৃষ্টিশীল ও মানবিক কর্মকাণ্ডসমূহ অত্যন্ত প্রশংসনীয়।” তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে ট্রাস্টের নিজস্ব অর্থায়নে সিসিইউ নির্মাণের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও একই ধরনের সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কর্মমুখী ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনতে এই ট্রাস্ট অনন্য ভূমিকা পালন করছে।
এস জেড এইচ এম ট্রাস্টের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। নির্ধারিত প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব, পটিয়া খলিল মীর কলেজের অধ্যক্ষ এস এম মিছবাহ উর রহমান এবং সীতাকুণ্ড লতিফা সিদ্দীকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া।
সমাবেশে চট্টগ্রাম মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলার প্রায় তিন শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টির বিশেষ বাণী পাঠ করেন প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন। তাসকিয়া তুন নুর তানিয়া ও কাজী মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে হামদ-নাত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশিত হয়। এ সময় শিক্ষক সমাবেশ উদযাপন পর্ষদের সদস্যবৃন্দসহ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।