সৈয়দপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘আলা হযরত কনফারেন্স’ অনুষ্ঠিত: ধর্মপ্রাণ মানুষের ঢল

আ’লা হযরত ইমাম আহমদ রেজা ফাউন্ডেশন, সৈয়দপুরের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে ১০৮তম উরসে আ’লা হযরত উপলক্ষে ইসলামিক সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে গোলাহাট রেলওয়ে কলোনি ঈদগাহ মাঠে আয়োজিত এ কনফারেন্সে বৃষ্টির মধ্যেও হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন

এশার নামাজের পর শুরু হওয়া কনফারেন্স গভীর রাত পর্যন্ত চলে। আয়োজকদের দাবি, সৈয়দপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এতে অংশ নেন। বৃষ্টির মধ্যেও অনেককে মাঠে অবস্থান করে ইসলামী আলোচনা ও নাতে রাসুল শুনতে দেখা যায়।

কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী চিন্তাবিদ শায়েখ সৈয়্যদ হাসান আল-আজহারী। তিনি কুরআন-সুন্নাহর অনুসরণ, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ এবং ইমামে আহলে সুন্নাত আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ.)-এর জীবন ও কর্ম অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিশেষ বক্তা ছিলেন সৈয়দপুর শাহ আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাবির হোসেন নূরী রিজভী, ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহিদ রেজা নূরী রিজভী এবং গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোমিনুল ইসলাম নূরী রিজভী। তাঁরা আ’লা হযরত (রহ.)-এর ইলমী অবদান, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং রাসুলপ্রেমের শিক্ষা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশন করেন শিশু নাতখাঁ জিশান আশরাফী। এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী, ওয়াকার আনসারী লাড্ডান, শরফুদ্দিন খানসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম, পীর-মাশায়েখ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কনফারেন্সে সভাপতিত্ব করেন ব্যবসায়ী হাজী আজহার সুলতান। সঞ্চালনা করেন মাওলানা গোলাম মহিউদ্দিন মারগুব আশরাফী।

আয়োজকরা জানান, আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ.)-এর আদর্শ এবং মহানবী (সা.)-এর শিক্ষা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত