যুক্তরাষ্ট্রের নিউজার্সির বার্লিংটনে পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) ও শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্র্যান্ড রিগাল ব্যাংকুয়েট হলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ইউএসএ শাখার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জোবাইর হোসাইন সিকদারের সঞ্চালনায় মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও আওলাদে রাসুল (দ.) সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ড. ইমরানুল করিম ইয়াকুবী।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ। নাতে রাসুল (দ.) পরিবেশন করেন মোস্তফা আল খায়েরি।
সভাপতির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বলেন, সাধারণ মানুষের সীমিত দৃষ্টিতে রাসুলুল্লাহ (দ.)-এর প্রকৃত মর্যাদা ও তাৎপর্য অনুধাবন করা সম্ভব নয়। তাঁর ভাষ্য, রাসুলুল্লাহ (দ.)-কে কেবল সমাজ সংস্কারক, রাজনৈতিক নেতা কিংবা একজন মানুষ হিসেবে দেখাকে ক্ষীণ দৃষ্টির পরিচায়ক বলা যায়। আধ্যাত্মিক উপলব্ধি ও মারেফাতের দৃষ্টিভঙ্গির মাধ্যমে তাঁকে বোঝার চেষ্টা করতে হবে।
মাহফিলের প্রধান আলোচক নিউইয়র্কস্থ আহলুল বাইত মসজিদের খতিব ও পটুয়াখালীর বদরপুর দরবার শরিফের সাজ্জাদানশীন ড. মুফতি সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী বদরপুরী বলেন, মহানবী (দ.)-এর প্রতি ভালোবাসার পাশাপাশি তাঁর বংশধরদের সর্বোচ্চ সম্মান করতে হবে। তিনি বলেন, অলিউল্লাহদের সান্নিধ্য ও দিকনির্দেশনার মাধ্যমে ইসলামের আধ্যাত্মিক দিক অনুধাবনের চেষ্টা করা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আজিমপুর ছোট দায়রা শরিফের আওলাদ সৈয়দ ফায়েজ হারামাইন খলিলুল্লাহ এবং নিউজার্সি বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন সরোয়ার হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলাডেলফিয়াস্থ বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি ড. আবদুল মালিক এমডি, নিউজার্সি প্রবাসী ইউসিবির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, ফাহিম উদ্দিন চৌধুরী, নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের (NAMA) সাধারণ সম্পাদক হুমায়ুন মোরশেদ ও পরিচালক মইনুল হোসেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ইউএসএ শাখার উপদেষ্টা কাজী আবসার উদ্দিন এবং সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষপর্বে সাইফুল আলম গরীবীর পরিচালনায় মিলাদ অনুষ্ঠিত হয়। পরে মুনাজাত পরিচালনা করেন মাহফিলের সভাপতি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।