আধ্যাত্মিক সুধাসুধায় সিক্ত হতে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল। তরিকায়ে আতাইয়ার ইমাম হযরত সৈয়দ শাহ্ শের আলী জাঁহরোশন তারাগুনী (রহ.)-এর বিশিষ্ট খলিফা, ওলীয়ে কামেল আল্লামা আলহাজ্ব মুজিবুর রহমান ওরফে হযরত আহমদ শাহ্ দ্বীরোশন পানিশ্বরী (রহ.)-এর ২৫তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে আগামীকাল ১০ মে (রবিবার) এক আযিমুশ্বান ফাতেহা শরীফ ও সুফী সম্মেলন অনুষ্ঠিত হবে।
সরাইল উপজেলার পানিশ্বর শাহী দরবার শরীফ (শোলাবাড়ী, দক্ষিণপাড়া) প্রাঙ্গণে আয়োজিত এই আধ্যাত্মিক সমাবেশ আগামীকাল বাদ আসর থেকে শুরু হবে। মাহফিলের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে রাত ৩টায় আখেরী মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
সম্মেলনে দেশবরেণ্য পীর-মাশায়েখ ও প্রখ্যাত সুন্নী ওলামায়ে কেরাম ‘শানে রিসালাত’ ও ‘শানে বেলায়েত’-এর ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর তাত্ত্বিক আলোচনা পেশ করবেন। এছাড়া বিশিষ্ট শায়েরদের নাতে রাসূল পরিবেশনা এবং আশেকে রাসূলদের জিকিরে এক নূরানী পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।
দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং প্রিয় নবী ও আউলিয়ায়ে কেরামের রূহানী ফয়েজ হাসিলের উদ্দেশ্যেই এই নূরানী মাহফিলের আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুরিদ ও ভক্ত অনুরাগী এই মাহফিলে সমবেত হবেন। পাক পাঞ্জাতন কমিটি বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিতব্য এই মাহফিলে সার্বিক সহযোগিতা ও প্রচারণায় রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ।
উল্লেখ্য যে, পানিশ্বর শাহী দরবার শরীফ কেবল আধ্যাত্মিক কেন্দ্র নয়, বরং দ্বীনি শিক্ষা বিস্তারেও ভূমিকা রাখছে। দরবার শরীফ পরিচালিত ‘দ্বীরোশন সুন্নিয়া হাফেজিয়া আলিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানায়’ বর্তমানে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় মহলে দরবার শরীফের এই শিক্ষা ও সমাজসেবামূলক উদ্যোগ বেশ প্রশংসিত।
আগত ভক্তদের সুবিধার্থে জানানো হয়েছে, আশুগঞ্জ অথবা সরাইল বিশ্বরোড হতে দুর্গাপুর বাসস্ট্যান্ড হয়ে অটোরিকশা যোগে ২ কিলোমিটার উত্তরে পানিশ্বর শাহী দরবার শরীফে পৌঁছানো যাবে। প্রয়োজনে ০১৭২৭-২৬৬০০৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।