শিক্ষার মানোন্নয়নে আল-আজহার ও শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষর: আরবি ভাষাই মুসলিম উম্মাহর পরিচয়ের মূলভিত্তি- আল আজহারের গ্র্যান্ড ইমাম

মিশরের আল-আজহার শরীফের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যিব দেশের শিক্ষা ও কারিগরি শিক্ষা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আবদুল লতিফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে আরবি ভাষার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আরবি ভাষার প্রতি গর্ব ও ভালোবাসা জাতীয় ও ইসলামী পরিচয় সংরক্ষণের অন্যতম প্রধান ভিত্তি।

সম্প্রতি আল-আজহারের মাশিয়াখায় অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।

গ্র্যান্ড ইমাম বলেন, আরব বিশ্বের সব শিক্ষা ব্যবস্থায় আরবি ভাষা ও মুসলিম জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানে কিছু পরিবার পবিত্র কুরআনের ভাষা আরবি শেখানোর প্রতি উদাসীন হলেও বিদেশি ভাষায় দক্ষতা অর্জনকে গর্বের বিষয় হিসেবে দেখছে। এটি উদ্বেগজনক প্রবণতা।

তিনি আরও বলেন, বিদেশি ভাষা শেখার বিরোধিতা নয়, বরং সেগুলো আয়ত্ত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কুরআনের ভাষা হিসেবে আরবিকেই সর্বাগ্রে স্থান দিতে হবে। কারণ ভাষাটি ইসলামী সভ্যতা, সংস্কৃতি, পরিচয় ও আত্মপরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি।

অপরদিকে শিক্ষা ও কারিগরি শিক্ষা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আবদুল লতিফ আল-আজহারের গ্র্যান্ড ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সঠিক ইসলামী শিক্ষা, মধ্যপন্থা, সহনশীলতা এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে আল-আজহার শরীফের অবদান বিশ্বব্যাপী প্রশংসিত। শিক্ষা মন্ত্রণালয় পাঠ্যক্রমের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জোরদার করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষা ব্যবস্থা সহজতর করা, বিদ্যালয়ের শিক্ষামূলক পরিবেশ পুনরুদ্ধার এবং শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায়ও সরকার গুরুত্ব দিচ্ছে।

বৈঠক শেষে গ্র্যান্ড ইমামের উপস্থিতিতে আল-আজহার শরীফ ও শিক্ষা ও কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, বিশেষ করে ব্যাকালোরিয়া (Baccalaureate) পদ্ধতির উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মূল্যায়ন পদ্ধতির আধুনিকীকরণ এবং শিক্ষক প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চুক্তিতে শিক্ষা ও কারিগরি শিক্ষা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আবদুল লতিফ এবং আল-আজহারের প্রতিনিধি হিসেবে শাইখ আইমান আবদুল গনি স্বাক্ষর করেন।

এছাড়া ইসলামী শিক্ষা বিষয়ে পাঠদানের মানোন্নয়নে আল-আজহারের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ, আধুনিক শিক্ষণ-পদ্ধতি নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন, কুরআন তিলাওয়াতের বিশুদ্ধতা নিশ্চিত করতে আল-আজহারের হাফেজ ও ক্বারিদের সম্পৃক্তকরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াতের দক্ষতা উন্নয়নের বিষয়ও এই সহযোগিতা চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত