শিক্ষকদের দক্ষতা বাড়াতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (রহ.) ট্রাস্টের প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্প উদ্বোধন

ট্রাস্ট নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্প শুরু করেছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট।

শনিবার (১ আগস্ট) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের মানিকপুরে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রামের শিক্ষক ড. মীর আবু সালেহ শামসুদ্দীন শিশির।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, সরকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়মিত বিষয়ভিত্তিক ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এর পাশাপাশি বেসরকারি উদ্যোগে এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান শ্রেণিকক্ষে প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার পরিবেশ ও ফলাফলেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার পাইলট প্রকল্পের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, সদস্য সচিব অধ্যক্ষ আবু তৈয়ব, ট্রাস্টের শিক্ষা সেলের সদস্য অধ্যক্ষ আবু মোহাম্মদ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটন কুমার দে।

এ ছাড়া বক্তব্য দেন এসজেডএইচএম বৃত্তি তহবিলের সাধারণ সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী, মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মাওলানা আবুল কাছেম, উপাধ্যক্ষ মাওলানা মো. মঈন উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো. জাকির হোসেন এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদ হাসান।

তিন মাসব্যাপী এ কর্মশালায় মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর ২৮ জন এবং শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষক অংশ নিচ্ছেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত