শহিদ মিনারে হিজরি নববর্ষ উপলক্ষে ‘ইসলামিক হেরিটেজ এক্সিবিশন’ অনুষ্ঠিত

 

হিজরি নববর্ষ ১৪৪৮ উদযাপন উপলক্ষে গতকাল ১৬ জুন রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ইসলামী ইতিহাস, স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এক ব্যতিক্রমধর্মী ‘ইসলামিক হেরিটেজ এক্সিবিশন’-এর আয়োজন করা হয়েছে। জাতীয় হিজরি নববর্ষ উদযাপন পরিষদ এবং সেন্টার ফর ইসলামিক হেরিটেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত ঐতিহাসিক মসজিদ, মাদরাসা, খানকাহ, দরবার, মাজার এবং মুসলিম শাসনামলের গুরুত্বপূর্ণ স্থাপত্যের আলোকচিত্র ও সংক্ষিপ্ত পরিচিতি স্থান পেয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা ইসলামী ঐতিহ্যের দীর্ঘ ইতিহাস ও দৃষ্টিনন্দন স্থাপত্য বৈচিত্র্যের এই মেলবন্ধন প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

আয়োজন প্রসঙ্গে সেন্টার ফর ইসলামিক হেরিটেজের কো-অর্ডিনেটর ইমরান হুসাইন তুষার বলেন, বাংলাদেশের ইসলামী ঐতিহ্যের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন সাধারণ মানুষের কাছে এখনও পর্যাপ্তভাবে পরিচিত নয়; তাই নতুন প্রজন্মের কাছে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতার ধারাবাহিকতা তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, হিজরি নববর্ষকে কেবল আনুষ্ঠানিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান, গবেষণা ও ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত করার এটি একটি বিশেষ প্রচেষ্টা।

 

সেন্টার ফর ইসলামিক হেরিটেজের এক্সিবিশনে উৎসুক জনতার ভিড়।

প্রদর্শনী ঘুরে দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ জাহিদ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হিমেলসহ অনেকে সন্তোষ প্রকাশ করে জানান, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ইতিহাসভিত্তিক সচেতনতা তৈরিতে এবং নিজেদের সাংস্কৃতিক শিকড়কে নতুনভাবে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বাংলাদেশের ইসলামী ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক সংস্থার দায়িত্বশীল রাকিবুল ইসলাম।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত