রাজশাহীর পবা উপজেলার ঐতিহ্যবাহী মানছুরিয়া খানকাহ্ শরীফে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ওরস-ই-খলিলীয়া অনুষ্ঠিত হচ্ছে আজ। প্রখ্যাত সুফি সাধক হযরত খাজা শাহ সুফি এ.টি.এস.এম. খলিলুর রহমান আল চিশতী নিজামী (রহ.)-এর পবিত্র ওফাত দিবস উপলক্ষে এই বার্ষিক ওরস মোবারকের আয়োজন করা হয়েছে। আজ ২৪ মে (রবিবার/৭ জিলহজ ১৪৪৭ হিজরি) রাজশাহীর পবার সাইর পুকুর মোড় সংলগ্ন, দারুশা, কর্ণহার এলাকার মানছুরিয়া খানকাহ্ শরীফে এই ওরস অনুষ্ঠিত হচ্ছে।
এবারের ওরস মোবারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। সার্বিক সভাপতিত্ব ও পরিচালনায় থাকবেন মানছুরিয়া খানকাহ্ শরীফের সভাপতি ও গদিনিশীন পীর এস.এম শফিকুল আলম আল চিশতী নিজামী।
ওরস মোবারক উপলক্ষে দিনব্যাপী নানাধর্মী ও পুণ্যময় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—বাদে ফজর পবিত্র কুরআন তিলাওয়াত, সকালে মাজার শরিফে পুষ্পস্তবক অর্পণ ও গিলাফ চড়ানো, বিশেষ জিকির-আজকার এবং আউলিয়ায়ে কেরামের জীবন ও সুফি দর্শনের ওপর ওলামায়ে কেরামদের বিশেষ আলোচনা।
আজ গভীর রাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে। মোনাজাত শেষে আগত সর্বস্তরের ভক্ত ও আশেকানদের মাঝে তাবারুক বিতরণ করা হবে।