রাজধানীর মোহাম্মদপুরে সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ রহ. এর ওরসের ২য় পর্ব আগামীকাল

 

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকার সহযোগিতায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আওলাদে রাসুল, হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ রহ. এর পবিত্র সালানা ওরস মাহফিলের দ্বিতীয় পর্ব। রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই মহান সুফি সাধকের ওরস শরীফকে কেন্দ্র করে আগামীকাল দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আগামীকাল ২৯শে জিলহজ্ব ১৪৪৭ হিজরি মোতাবেক ১৬ই জুন ২০২৬, মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুরের জয়েন্ট কোয়ার্টারের এফ ব্লকের ৯/২-এ নম্বর ঠিকানায় অবস্থিত খানকা-এ-তৈয়্যবিয়া ও কাদেরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এই ওরস মাহফিল অনুষ্ঠিত হবে।

ওরস শরীফের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল বাদ ফজর হতে মসজিদ-এ-তৈয়্যবিয়ায় পবিত্র কুরআন খতম, খতমে গাউছিয়া শরীফ ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে। সকাল ৯.০০ টা থেকে শুরু হবে খতমে মাজমুআহ-এ সালাওয়াতে রাসুল, তেলাওয়াতে বুখারী শরীফ এবং খতমে তাহলীল। এরপর বেলা ১১ টা থেকে হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ রহ. এর পবিত্র জীবন ও আদর্শের উপর স্মারক আলোচনা করবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম। সবশেষে বাদ যোহর মিলাদ ও কিয়াম শেষে সমাপনী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।

পবিত্র এই ওরস মাহফিলে শরীক হয়ে আওলিয়া-ই-কেরামের রুহানি ফয়েজ ও বরকত হাসিলের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ও পীর ভাইদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহীদ উল্লাহ্ এবং সেক্রেটারি মোঃ মিজানুর রহমান।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত