রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে কনিকাড়ায় গাউছিয়া কমিটির বর্ণাঢ্য র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)-এর মাস রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামে বর্ণাঢ্য স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গাউছিয়া কমিটি বাংলাদেশ, কনিকাড়া ৫ নম্বর ওয়ার্ড এবং গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে গত শুক্রবার (১৪ আগস্ট) এ র‍্যালির আয়োজন করা হয়।

কনিকাড়া কেন্দ্রীয় গাউছুল আজম সুন্নি জামে মসজিদের প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা হয়। এরপর র‍্যালিটি গাংকুলহাঁটি মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন হামদ-না’তে রাসূল (দ.) পরিবেশন করেন। এ সময় ‘ইয়া নবী সালাম আলাইকা’, ‘মোস্তফা জানে রহমত পে লাখো সালাম’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পাশাপাশি ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবার’ ও ‘নারায়ে রিসালাত—ইয়া রাসুলাল্লাহ (দ.)’ ধ্বনিতে র‍্যালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বিশ্বমানবতার মুক্তির দিশারি ও রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ (দ.)-এর শুভাগমনের মাস পবিত্র রবিউল আউয়াল। তাঁর শুভাগমন সমগ্র মানবজাতির জন্য মহান নেয়ামত। এ নেয়ামতের শোকরিয়া আদায়ের নির্দেশনা পবিত্র কোরআনে রয়েছে।

বক্তারা আরও বলেন, এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) ১৯৭৪ সালে বাংলাদেশে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.)-এর সূচনা করেন। সময়ের পরিক্রমায় এ আয়োজন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে।

কনিকাড়া কেন্দ্রীয় গাউছুল আজম সুন্নি জামে মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস ফয়েজীর সভাপতিত্বে এবং মোহাম্মদ রায়হান কাদেরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাওলানা মুফতি জমির উদ্দিন আল-কাদেরী। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ সুফি আমান উল্লাহ কাদেরী।

এ সময় মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আবুল হাশেম, মো. শাহেদুল ইসলাম, দ্বীন ইসলাম, আবু বকর, অলি উল্লাহ, আবু সেলিম, মো. আমিন মিয়া, মাওলানা সায়েম, আক্কাছ, ইকবাল সাইফুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.)-এর সফলতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া তরুণ সুন্নি ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি মোয়াজ্জেম হোসেন হানাফী আল-কাদেরী।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত